ধর্মপাশায় ‘জেলেদের ছোড়া ইটের আঘাতে’ জলমহালের পাহারাদারের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত তৌফিক খান
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় জলমহালে অবৈধভাবে মাছ ধরতে আসা জেলেদের ইটের আঘাত ও মারধরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই জলমহালে এ ঘটনা ঘটে। নিহত তৌফিক খান (৩৫) জলমহালটির পাহারাদার ছিলেন। তাঁর বাড়ি উপজেলার বেখইজোড়া গ্রামে।

এলাকাবাসী, পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সুনই জলমহালটি সুনামগঞ্জ জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ইজারা দেওয়া হয়। বছরে ৫৫ লাখ টাকা হিসাবে ৫ বছরের জন্য জলমহালটির ইজারা পায় কুর্শিবাড়ী উত্তরপাড়া মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড। গতকাল সন্ধ্যা পৌনে সাতটার দিকে তৌফিক খানসহ ১৪ পাহারাদার দুটি নৌকা নিয়ে জলমহালটিতে যান। সেখানে একই ইউনিয়নের বেরিকান্দি গ্রামের ৩০ থেকে ৩৫ জেলে জাল পেতে মাছ ধরছিলেন। তাঁদের মাছ ধরতে বাধা দিলে পাহারাদারদের দিকে ইটের টুকরা ও পাথর নিক্ষেপ শুরু করেন তাঁরা। একপর্যায়ে তাঁরা পাহারাদারদের মারধর করেন। এ সময় তৌফিক খান নামের ওই পাহারাদার অচেতন হয়ে নৌকা থেকে পানিতে পড়ে যান। এরপর জেলেদের দল সেখান থেকে চলে যায়। রাত আটটার দিকে জলমহাল থেকে তৌফিককে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা রাজীব সিংহ বলেন, তৌফিককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাঁর শরীরের বিভিন্ন অংশে ছোটখাটো আঘাতের চিহ্ন আছে। কী কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পর জানা যাবে।

তৌফিক খানের বড় ভাই আশরাফ খান (৫২) বলেন, ‘যারা আমার ভাইকে মেরে ফেলেছে, আমি তাদের শাস্তি চাই।’

জেলেদের পক্ষে হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলার বেরিকান্দি গ্রামের বাসিন্দা শাহজাহান মিয়ার (৫৫) বিরুদ্ধে। তাঁর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কিছু বলতে রাজি হননি।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান আজ বৃহস্পতিবার সকালে প্রথম আলোকে বলেন, নিহত পাহারাদারের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। যাঁরা এ ঘটনায় জড়িত, তাঁদের খুঁজে আইনের আওতায় আনা হবে।