বাগেরহাটে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
বাগেরহাটের মোল্লাহাটে সোহাগ শেখ (৪২) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত সোহাগ শেখের বাড়ি মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামে। মোল্লাহাট বাজারে তাঁর ঢেউটিনের দোকান আছে।
স্থানীয় সূত্র জানায়, রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন সোহাগ। বাজারের পশ্চিম পাশে পানবাজারের পাশের রাস্তায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাজিব কুমার পাল বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই সোহাগ শেখ মারা গেছেন। তাঁর শরীরে গুলির চিহ্ন রয়েছে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রমজানুল হক বলেন, দুজন ব্যক্তি মোটরসাইকেলে এসে সোহাগ শেখকে গুলি করে। তাঁর মরদেহ মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। তিনি বলেন, ‘বন্দুকধারীদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে। ধারণা করছি তাঁর শরীরে তিনটি গুলি লেগেছে।’
এর আগে ৭ মার্চ রাতে মোল্লাহাট উপজেলার কাহালপুর পশ্চিমপাড়া এলাকা ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে গুলিবিদ্ধ অবস্থায় নূর ইসলাম (২৭) নামের এক যুবককে উদ্ধার করা হয়। তিনি মোল্লাহাট উপজেলা সদরের একটি স্যানিটারি ও হার্ডওয়্যারের দোকানের বিক্রয় প্রতিনিধি।