ভাগনিকে বাইক চালানো শেখাতে গিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কায় মামার মৃত্যু

লাশপ্রতীকী ছবি

চাঁদপুরের মতলব দক্ষিণে ভাগনি ইশাতকে (১৫) মোটরসাইকেল চালানো শেখাতে গিয়ে সড়কে থামানো ট্রাকের সঙ্গে ধাক্কায় মামা ফজলে রাব্বি (২৩) নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে ইশাত। গতকাল মঙ্গলবার বিকেলে মতলব ব্রিজের দক্ষিণ অংশের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বি মতলব দক্ষিণ পৌর এলাকার বাইশপুর বেপারী বাড়ির মো. মিজানুর রহমানের ছেলে। রাব্বি মতলব সরকারি ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, আহত ইশাত দশম শ্রেণির শিক্ষার্থী। সে পরিবারের সঙ্গে ঢাকার যাত্রাবাড়ীতে থাকে। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীতে। ঈদ উপলক্ষে মায়ের সঙ্গে মতলব দক্ষিণে নানার বাড়িতে বেড়াতে এসেছে।

চাঁদপুরের অ্যাম্বুলেন্সচালক মো. জসিম ঘটনাস্থল দিয়ে যাচ্ছিলেন। তিনি বলেন, মামা–ভাগনিকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান তিনি।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এনামুল হক বলেন, হাসপাতালে আনার আগেই ফজলে রাব্বির মৃত্যু হয়েছে। আহত মেয়েটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।