বগুড়ায় ছাত্র অধিকার পরিষদের মিছিলে ছাত্রলীগের হামলা
বগুড়ায় গণ অধিকার পরিষদের কর্মসূচিতে যোগ দিতে আসা ছাত্র অধিকার পরিষদের নেতা–কর্মীদের ওপর তিন দফায় হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতা–কর্মীদের বিরুদ্ধে। এ ছাড়া পুলিশ এ কর্মসূচিতে বাধা দিয়েছে বলেও অভিযোগ সংগঠনটির।
ছাত্র অধিকার পরিষদের একাধিক নেতা দাবি করেছেন, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের সাতমাথা থেকে শেরপুর সড়ক হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে ফেরার পথে ইয়াকুবিয়া স্কুল মোড়, পিটিআই মোড় ও রহমান নগর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে ১৮ নেতা-কর্মী আহত হয়েছেন। জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহার নেতৃত্বে এ হামলা হয়েছে।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন সজীব সাহা। তিনি প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের কেউ তাঁদের ওপর হামলা করেনি। শুনেছি, শহরে বিশৃঙ্খলা সৃষ্টির সময় সাধারণ শিক্ষার্থীরা তাঁদের বাধা দিয়েছে। আমার নেতৃত্বে হামলা হয়েছে—এটা তাঁরা প্রমাণ করুক।’
তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গণ অধিকার পরিষদ বগুড়া জেলা শাখা শুক্রবার সকালে শহরের সাতমাথায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচির আয়োজন করে।
জানতে চাইলে বগুড়া সদর ফাঁড়ির পরিদর্শক শাহিনুজ্জামান বলেন, অনুমতি না নিয়ে মিছিলের চেষ্টা করায় পুলিশ বাঁধা দিয়েছে। তবে হামলার বিষয়ে কিছু জানা নেই। তাঁরা কোনো অভিযোগও করেনি।
হামলায় আহত ব্যক্তিরা হলেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মোহাম্মদ সজল, বগুড়া জেলা শাখার সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ফরহাদ আলী, সহ-সাংগঠনিক সৈকত আলী, ধর্মবিষয়ক সম্পাদক মহিবুল্লাহ, শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, ছাত্র অধিকার পরিষদের কর্মী মাহামুদুল হাসান, হাসিবুল, আবু সাইদ ও তানিন। এর মধ্যে রাকিবুল হাসানকে শেরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ছাত্র অধিকার পরিষদের বগুড়া জেলা কমিটির সভাপতি মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, কর্মসূচির কথা আগে থেকে পুলিশকেও অবগত করা হয়েছিল। পূর্বঘোষণা অনুযায়ী নেতা–কর্মীরা সাতমাথা এলাকায় বিক্ষোভ মিছিল নিয়ে গিয়ে সমাবেশ করেন। এ সময় পুলিশ বাধা দিলেও তা উপেক্ষা করে নেতা–কর্মীরা মিছিল নিয়ে কলোনি বাজারের দিকে রওনা দেন। একপর্যায়ে ইয়াকুবিয়া মফিজ পাগলার মোড় এলাকায় ছাত্রলীগের নেতা–কর্মীরা লাঠিসোঁটা নিয়ে হামলা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেন। এতে বেশ কয়কেজন নেতা–কর্মী আহত হন। পরে পিটিআই মোড় এলাকায় ছাত্র অধিকার পরিষদের নেতা–কর্মীরা আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করলে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহার নেতৃত্বে ২৫ থেকে ৩০ নেতা–কর্মী মোটরসাইকেলে এসে দ্বিতীয় দফা হামলা চালান।
মিজানুর রহমান দাবি করেন, হামলার সময় ছাত্রলীগের নেতা–কর্মীদের হাতে লাঠিসোঁটা ও বাঁশ ছিল। তাঁরা ছাত্র অধিকার পরিষদের নেতা–কর্মীদের রাস্তায় ফেলে নির্মমভাবে পিটিয়েছেন। এ সময় শেরপুর উপজেলার নেতা রাকিব হাসান গুরুতর আহত হন। প্রাণ ভয়ে রহমান নগর এলাকায় গেলে সেখানে নির্মাণাধীন একটি ভবনে তুলে ৮ থেকে ১০ জন নেতা–কর্মীকে বেদম মারধর করেন ছাত্রলীগের নেতা–কর্মীরা।