ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই
ময়মনসিংহ নগরের চর ঈশ্বরদিয়া এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক রাজীব মিয়াকে (২৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তাঁর অটোরিকশাটি নিয়ে পালিয়ে গেছে তারা।
গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কোতোয়ালি মডেল থানার চর ঈশ্বরদিয়া এলাকার কাশেম ডাক্তারের কলাবাগানে এ ঘটনা ঘটে।
নিহত রাজীব ময়মনসিংহ সদর উপজেলার চর ঈশ্বরদিয়া ইউনিয়নের ছাতিয়ানকান্দা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পর রাজীব বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। নিজের বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে চর ঈশ্বরদিয়া ইউনিয়ন পরিষদ-সংলগ্ন এলাকায় তিনি দুর্বৃত্তদের কবলে পড়েন। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে মাথায় এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে হত্যা করে। পরে তারা অটোরিকশাটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
হঠাৎ চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে আমি ও আশপাশের লোকজন দৌড়ে বের হই। তখন একটি অটোরিকশা দ্রুত চলে যেতে দেখি।
স্থানীয় গ্রাম পুলিশের সদস্য স্বপন সরকার প্রথম আলোকে বলেন, ‘ঘটনাস্থলটি আমার বাড়ির কাছেই। হঠাৎ চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে আমি ও আশপাশের লোকজন দৌড়ে বের হই। তখন একটি অটোরিকশা দ্রুত চলে যেতে দেখি। পরে কলাবাগানের ভেতরে গিয়ে রক্তাক্ত অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখি। তখন তাঁর শরীরে আর প্রাণ ছিল না।’
পুলিশ রাজীবের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
অটোরিকশা ছিনিয়ে নিতেই হত্যার ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করছেন কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) এ আর এম সাফায়েত ওসমান। তিনি বলেন, নিহত ব্যক্তির মাথায় এলোপাতাড়ি কোপের চিহ্ন আছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধারে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় থানায় মামলা হবে।