ফেনীতে পাচারের সময় ১০৮ সুন্ধি কাছিম উদ্ধার
ফেনীতে পাচারকালে ১০৮টি সুন্ধি কাছিম উদ্ধার করেছে পুলিশ। ফেনী, নোয়াখালী ও চট্টগ্রামের মিরসরাই উপজেলার চরাঞ্চল থেকে কাছিমগুলো ধরে খুলনায় নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনায় কনক চন্দ্র দাস নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার দুপুরে সদর উপজেলার কাজিরবাগ ইকোপার্ক ও কালিদাস পাহালিয়া নদীতে পুলিশ ও স্থানীয় বন বিভাগের উদ্যোগে কাছিমগুলো অবমুক্ত করা হয়েছে। এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাত একটার দিকে উপজেলার বিসিক মোড় এলাকায় (গ্যাস কোম্পানি মোড়) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে অভিযান চালিয়ে কাছিমগুলো উদ্ধারের পাশাপাশি একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত একটার দিকে উপজেলার বিসিক মোড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে তল্লাশি চালিয়ে মোট ১০৮টি (৮০ কেজি) সুন্ধি কাছিম উদ্ধার করা হয়। গ্রেপ্তার কনক চন্দ্র দাস লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে থানায় বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে একটি মামলা হয়েছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, ফেনী, নোয়াখালী ও চট্টগ্রামের মিরসরাই উপজেলার চরাঞ্চল থেকে কয়েকজন ব্যক্তি অবৈধভাবে সুন্ধি কাছিমগুলো ধরেন। কাছিমগুলো তিনটি ক্র্যাটে ভরে গোপনে রাতের বেলা বাসে করে খুলনার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বেলা দেড়টার দিকে পুলিশ ও বন বিভাগের উদ্যোগে কাছিমগুলো সদর উপজেলার কাজিরবাগ ইকোপার্ক ও কালিদাস পাহালিয়া নদীতে অবমুক্ত করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা, সদর মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন, ফেনী সামাজিক বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা বাবুল দেবনাথ উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা বলেন, উপজেলার কাজিরবাগ ইকোপার্ক ও কালিদাস পাহালিয়া নদীতে কাছিমগুলো অবমুক্ত করা রয়েছে। বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, সুন্ধি কাছিম স্থানীয়ভাবে চিতি কাছিম নামেও পরিচিত। দু–তিন দশক আগেও দেশের নদ-নদী, খাল-বিল-হাওরে প্রচুর সুন্ধি কাছিম দেখা যেত। বাসস্থান ধ্বংসের ফলে এ প্রজাতির কাছিম ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সংরক্ষণ সংঘের লাল তালিকায় সুন্ধি কাছিমকে কম উদ্বেগের তালিকায় রাখা হয়েছে। প্রাণীটি বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২-এর তফসিল-২ অনুযায়ী সংরক্ষিত। এটি হত্যা বা ক্ষতিসাধন করা শাস্তিযোগ্য অপরাধ।