বগুড়ায় চরের জমির বিরোধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকে পিটিয়ে হত্যা

মোখলেছুর রহমানছবি: সংগৃহীত

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর দুর্গম চরাঞ্চলের জমি ও গোচারণভূমি নিয়ে বিরোধের জেরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে উপজেলার কাজলা ইউনিয়নের যমুনার দুর্গম পাকুরিয়ার চরের নান্টুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন পাকুরিয়া গ্রামের মোখলেছুর রহমান ওরফে মোসলেম প্রামাণিক (৬২)। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য ও কাজলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর আজ মঙ্গলবার সকালে তিনি মারা যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাকুরিয়ার চরের জমি ও গোচারণভূমি নিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে মোখলেছুর রহমানের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল রাত সাড়ে আটটার দিকে পাকুরিয়া বাজার থেকে বাড়িতে ফিরছিলেন মোখলেছুর রহমান। পথে নান্টুর মোড় এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের লোকজন তাঁর পথরোধ করে হামলা চালায়। এ সময় হামলাকারীদের পিটুনিতে মোখলেছুর গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাতটার দিকে তাঁর মৃত্যু হয়।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, চরের জমি নিয়ে পূর্ববিরোধের জেরে মোখলেছুর রহমানের ওপর গতকাল রাতে হামলা করা হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তাঁর মৃত্যু হয়। হামলায় জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।