ঈদের নামাজের সময় জুতা হারানো নিয়ে সংঘর্ষে প্রাণ গেল যুবকের
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ঈদের নামাজের সময় এক শিশুর জুতা হারানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। শনিবার সকালে উপজেলার মাইজখলা গ্রামে সংঘর্ষের ঘটনাটি ঘটে। বিকেলে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মারা যাওয়া যুবকের নাম আবুল কাশেম (৩০)। তিনি উপজেলার মাইজখলা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। এ ঘটনায় পুলিশ ১৫ জনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাইজখলা গ্রামে ঈদের নামাজের সময় মসজিদের সামনে থেকে এক শিশুর জুতা হারিয়ে যায়। জুতা খুঁজতে গিয়ে একই গ্রামের শান্তি মিয়া ও রহমত আলীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ লাগে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় শান্তি মিয়ার নাতি আবুল কাশেমকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল চারটার দিকে তিনি মারা যান। আহত অন্য ব্যক্তিরা দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবদুলাল ধর বলেন, মসজিদ থেকে এক শিশুর জুতা হারানোর মতো তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবকের মৃত্যু হয়েছে। ওই যুবকের লাশ সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আছে। এ ঘটনায় ১৫ জনকে আটক করেছে পুলিশ। তবে থানায় এখনো কোনো মামলা হয়নি।