হত্যাকাণ্ডের ইন্ধনদাতাদের দ্রুত গ্রেপ্তারের দাবি স্ত্রীর

সংবাদ সম্মেলনে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের স্ত্রী ফরিদা বেগম। মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর প্রেসক্লাবেছবি: প্রথম আলো

গাজীপুরে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের স্ত্রী ফরিদা বেগম বলেছেন, তাঁর স্বামীর হত্যাকাণ্ডে যাঁরা ইন্ধন দিয়েছেন, যাঁরা ভাড়াটে খুনি দিয়ে তাঁর স্বামীকে হত্যা করেছেন, তাঁদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ফরিদা বেগম এ দাবি জানান।

গত বৃহস্পতিবার রাতে গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেটের সামনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়। তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন।

সংবাদ সম্মেলনে ফরিদা বেগম বলেন, হত্যাকাণ্ডের ঘটনা, সিসিটিভির ফুটেজসহ সব তথ্যপ্রমাণ সাংবাদিকেরা যেভাবে তুলে ধরেছেন, সে জন্য তিনি ও তাঁর পরিবার কৃতজ্ঞ। সাংবাদিকদের লেখালেখির কারণে অপরাধ উন্মোচন হয়েছে। তা না হলে সাগর-রুনি হত্যাকাণ্ডের মতো তদন্তের নামে অনেক নাটক হতো। সাংবাদিকদের কারণেই সব ঘটনা প্রকাশ পেয়েছে।

সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফরিদা বেগম আরও বলেন, ‘আজ আপনারা আমার পাশে আছেন বলে আমি এখন পর্যন্ত কিছুটা সুস্থ আছি ও শক্ত আছি।’ তাঁর দাবি, ১৫ দিনের মধ্যে মামলার অভিযোগপত্র জমা দিতে হবে। মামলার বাদী, স্বাক্ষী ও তাঁর পরিবার এবং দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সম্পাদকের জীবনের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

আসাদুজ্জামান তুহিন হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরেরও দাবি জানান তাঁর স্ত্রী।

নিহত সাংবাদিকের পরিবারের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সম্পাদক খায়রুল আলম ও তাঁর আইনজীবী প্রশান্ত কুমার উপস্থিত ছিলেন।