অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঝিনাইদহে আ.লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পোড়াহাটী ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম ওরফে হিরণের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের ঝিনাইদহ সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক বজলুর রহমান বাদী হয়ে আজ মঙ্গলবার মামলাটি করেন।
শহিদুল ইসলাম ১ কোটি ৩৩ লাখ ৯৪ হাজার ৩৩৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। ঝিনাইদহে দুদকের কার্যালয় স্থাপনের পর এটিই প্রথম মামলা বলে জানিয়েছেন কর্মকর্তারা।
এজাহার সূত্রে জানা গেছে, শহিদুল ইসলাম ১৯৮৮ সাল থেকে ২০০৩ সাল এবং ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ঝিনাইদহ সদর উপজেলার ৯ নম্বর পোড়াহাটী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালনকালে তিনি নিজে ও তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে ১৮ লাখ ৫৭ হাজার ৪৩৩ টাকার জমি এবং ১ কোটি ২০ লাখ টাকা মূল্যমানের বাড়ি নির্মাণসহ ১ কোটি ৩৮ লাখ ৫৭ হাজার ৪৩৩ টাকার স্থাবর, গাড়ি, ব্যবসায়িক পুঁজি, ইলেকট্রনিকস, আসবাবসহ মোট ২২ লাখ ৭৬ হাজার ৬৭০ টাকার অস্থাবর সম্পদ অর্জন করেছেন।
এসব সম্পদ অর্জনের উৎস হিসেবে সম্মানী ভাতা, গৃহ সম্পত্তি, কৃষি, জমি বিক্রিসহ বিভিন্ন খাত থেকে ৪৫ লাখ ৪৬ হাজার ১০০ টাকার আয় পাওয়া যায়। পারিবারিকসহ অন্যান্য খাতে শহিদুল ইসলামের ব্যয় পাওয়া যায় ১৬ লাখ ৬ হাজার ৪৩০ টাকা। আয় থেকে তাঁর ব্যয় বাদ দিলে সঞ্চয় থাকে ২৯ লাখ ৩৯ হাজার ৬৭০ টাকা। যার বিপরীতে তাঁর স্থাবর ও অস্থাবর সম্পদ পাওয়া যায় ১ কোটি ৬১ লাখ ৩৪ হাজার ৩ টাকা।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, এ ক্ষেত্রে তাঁর জ্ঞাত আয়ের সঙ্গে ১ কোটি ৩৩ লাখ ৯৪ হাজার ৩৩৩ টাকার অসংগতিপূর্ণ ও জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত সম্পত্তি পাওয়া যায়, যা তিনি দুর্নীতির মাধ্যমে অর্জন করেছেন বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। ফলে দুর্নীতি দমন কমিশন আইনের ২০০৪ এর ২৭ (১) ধারায় অপরাধ করায় এ মামলা করা হয়।
মামলার বিষয়ে মঙ্গলবার রাত ১০টার দিকে শহিদুল ইসলাম হিরণের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।