বস্তাভর্তি ব্যাংকের টাকা লুটের মামলায় ব্যাংক কর্মকর্তাসহ পাঁচজনের কারাদণ্ড
বস্তাভর্তি ব্যাংকের ৫০ লাখ টাকা লুটের মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তাসহ পাঁচজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার বিকেলে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এই রায় দেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনজীবী রেজাউল করিম প্রথম আলোকে বলেন, রায়ের আদেশে বিচারক পূবালী ব্যাংক চট্টগ্রামের সিডিএ করপোরেট শাখার সাবেক গাড়িচালক বিজয় কুমার দাশকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১০ হাজার টাকার জরিমানা করেন। একই শাখার সাবেক কর্মকর্তা (জুনিয়র অফিসার-ক্যাশ) রাজিবুর রহমান, ব্যাংকের নিরাপত্তারক্ষী মো. আশিকুর রহমান, তানজুর রহমান ও মাজহারুল ইসলামকে ১০ বছর করে কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১০ বছর করে কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত ছিলেন। এরপর তাদের কারাগারে পাঠিয়ে দেন আদালত।
২০১৬ সালের ১১ ফেব্রুয়ারি বিকেলে জুনিয়র অফিসার রাজিবুর রহমান চট্টগ্রাম নগরের শেখ মুজিব রোড শাখা থেকে ৫০ লাখ ৫০ হাজার টাকা নিয়ে তিন নিরাপত্তারক্ষীসহ গাড়িতে করে সীতাকুণ্ড শাখায় যান। ওই শাখা থেকে আরও ৮১ লাখ টাকা সংগ্রহ করে তিনি চট্টগ্রাম নগরের সিডিএ করপোরেট শাখার উদ্দেশে রওনা দেন। কিছুক্ষণ পর রাজিবুর রহমান ফোন করে সিডিএ করপোরেট শাখাকে জানান, গাড়িতে থাকা একটি বস্তা পাওয়া যাচ্ছে না। ওই বস্তায় সাড়ে ৫০ লাখ টাকা ছিল।
এ ঘটনায় সিডিএ করপোরেট শাখার সাবেক সহকারী মহাব্যবস্থাপক তৌফিকুর রহমান বাদী হয়ে রাতে সীতাকুণ্ড থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ এই মামলায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ২০২২ সালের ১৬ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। সাতজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন।