ফেনীতে সড়ক দুর্ঘটনায় লাশ হয়ে বাড়ি ফিরলেন ব্যবসায়ী
ব্যবসার কাজে কুমিল্লার লালমাই থেকে মোটরসাইকেলে করে চট্টগ্রামে গিয়েছিলেন দুই বন্ধু। কাজ শেষে আবার মোটরসাইকেলেই কুমিল্লায় ফিরছিলেন তাঁরা। কিন্তু একজন ফিরলেন লাশ হয়ে। অপরজন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। গতকাল শুক্রবার রাত আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার বিসিক সড়কের মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. সুমন (৪০)। তিনি কুমিল্লার লালমাই উপজেলার শাসনতারা গ্রামের আবদুল হাইয়ের ছেলে।
মহিপাল হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বিসিক সড়কের মাথায় একটি দ্রুতগতির মোটরসাইকেল চট্টগ্রাম থেকে কুমিল্লায় যাচ্ছিল। এ সময় একটি অ্যাম্বুলেন্স বিসিক সড়কের মাথায় ইউটার্ন নিয়ে পাঁচগাছিয়া বাজারের দিয়ে যাচ্ছিল।
মোটরসাইকেলচালক গতিনিয়ন্ত্রণ করতে না পেরে অ্যাম্বুলেন্সের পেছনে ধাক্কা খেয়ে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর জখম হন। খবর পেয়ে মহিপাল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত ব্যক্তিদের উদ্ধার করে ফেনী সদর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেলচালক মো. সুমনকে (৪০) মৃত ঘোষণা করেন। অপর আহত ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় রাতেই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সুমনের এক স্বজন মো. আবুল খায়ের বলেন, মো. সুমন বেশ কয়েক বছর প্রবাসে ছিলেন। কয়েক মাস আগে দেশে এসেছেন। দেশে ব্যবসা-বাণিজ্য করার চিন্তাভাবনা শুরু করেছিলেন। ব্যবসাসংক্রান্ত কাজেই তিনি এক বন্ধুকে নিয়ে চট্টগ্রামে যান। ফেরার পথে দুর্ঘটনায় তিনি মারা গেছেন।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল বলেন, মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।