মেহেরপুরে বিএনপির নির্বাচনী ক্যাম্পের পাশ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
মেহেরপুরের মুজিবনগর উপজেলায় বিএনপির একটি অস্থায়ী নির্বাচনী ক্যাম্পের পাশ থেকে বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দারিয়াপুর বাজার এলাকার কালিতলাপাড়া থেকে বস্তুটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে দারিয়াপুর বাজারে যাওয়ার সময় কয়েকজন পথচারী বিএনপির একটি ওয়ার্ড নির্বাচনী ক্যাম্পের পাশে লাল স্কচটেপে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখেন। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মুজিবনগর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আলিহিম উদ্দীন নামের দারিয়াপুর এলাকার এক বাসিন্দা বলেন, ‘সকালে বাজারে যাওয়ার সময় বিএনপির নির্বাচনী ক্যাম্পের পাশে বস্তুটি পড়ে থাকতে দেখি। দেখে বোমা মনে হওয়ায় আমরা পুলিশে খবর দিই। ভোটের সময় এমন ঘটনায় আতঙ্কে আছি।’
এ বিষয়ে মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ অরুন বলেন, ‘বোমাসদৃশ বস্তু উদ্ধারের বিষয়টি খুবই উদ্বেগের। এ সময় এমন কিছু ঘটলে ভোটারদের মনে ভয় ও শঙ্কা দেখা দিতে পারে। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুরুত্বের সঙ্গে দেখবে বলে মনে করি।’
উদ্ধারকৃত বস্তুটি আদৌ বিস্ফোরক কি না, তা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম।
মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী মাসুদ অরুন ছাড়াও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জেলা জামায়াতের আমির তাজউদ্দীন খান, জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আব্দুল হামিদ ও সিপিবির প্রার্থী মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।