নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় রূপালী ব্যাংকের কর্মকর্তা নিহত
নরসিংদীর শিবপুর উপজেলায় ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রূপালী ব্যাংকের একজন কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের বান্দারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যাংক কর্মকর্তার নাম আসমা আক্তার (৩৫)। তিনি রূপালী ব্যাংকের নরসিংদী করপোরেট শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। নরসিংদী শহরের একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন তিনি।
নিহত আসমার স্বজনেরা বলেন, গতকাল সকালে বেসরকারি চাকরিজীবী স্বামী আশরাফুল ইসলামের সঙ্গে মোটরসাইকেলে করে কিশোরগঞ্জে যান আসমা আক্তার। সেখানকার হারুয়া এলাকার পাগলা মসজিদে নামাজ পড়ে বিকেলের দিকে বাড়ি ফেরার উদ্দেশে রওনা হন তাঁরা। সন্ধ্যা সাতটার দিকে ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের বান্দারদিয়া এলাকায় পৌঁছালে তাঁদের মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ব্যক্তিগত গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান আশরাফুল ও আসমা। এ সময় গাড়িটি আসমাকে চাপা দিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। হাসপাতালটির জরুরি বিভাগের চিকিৎসক আসমাকে মৃত ঘোষণা করেন।
শিবপুরের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারহানা আহমেদ বলেন, আসমা আক্তার নামের ওই নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। অন্যদিকে আশরাফুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।