সুন্দরবনের মান্দারবাড়িয়া অভয়ারণ্যে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ২২ জেলে আটক
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়িয়া অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ২২ জন জেলেকে আটক করেছে বন বিভাগ। শনিবার ভোরে বুড়িগোয়ালিনী স্টেশনের মান্দারবাড়িয়া অভয়ারণ্যে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
বুড়িগোয়ালিনী স্টেশনের কর্মকর্তা (এসও) জিয়াউর রহমান বলেন, তাঁর নেতৃত্বে বনকর্মীরা বঙ্গোপসাগর-সংলগ্ন মান্দারবাড়িয়া অভয়ারণ্য এলাকায় অভিযান চালান। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে জেলেদের দুটি বড় মাছ ধরার ট্রলার, নিষিদ্ধ জাল, সামুদ্রিক শাপলাপাতা মাছসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
আটক জেলেরা হলেন জামাল হাওলাদার, সুমেদ হাওলাদার, কালু হাওলাদার, ফরহাদ, ইয়াছিন খান, দুলাল গাজী, হানিফ হাওলাদার, মো. রাসেল হাওলাদার, শফিকুল খান, রাজিব হাওলাদার, ইসমাইল, ইব্রাহিম হাওলাদার, শরিফ মিয়াসহ ২২ জন। তাঁদের সবার বাড়ি পটুয়াখালীর মহিপুর থানার বিভিন্ন এলাকায়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘অভয়ারণ্য এলাকায় প্রবেশ করে অবৈধভাবে মাছ ধরার সময় তাঁদের হাতেনাতে আটক করা হয়েছে। আজ দুপুরের দিকে বন আইনে মামলা দিয়ে জেলেদের সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে। জব্দ করা মাছ কেরোসিন ঢেলে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।’