খুলনায় আলোচিত ‘আশিক গ্রুপ’–এর দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব
খুলনায় আলোচিত সন্ত্রাসী গোষ্ঠী ‘আশিক গ্রুপ’–এর সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার সন্ধ্যায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে র্যাব-৬।
গ্রেপ্তার দুজন হলেন ইমন শরীফ (২৭) ও সজল খান (২৫)।
র্যাবের দাবি, এই দুজন ‘আশিক গ্রুপ’–এর সক্রিয় সদস্য। গ্রেপ্তার ইমন শরীফ খুলনা নগরের লবণচরা থানার মতিয়াখালী এলাকার এবং সজল খান চানমারী বাজার এলাকার বাসিন্দা। পরে তাঁদের লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
খুলনা মহানগর ও জেলায় বর্তমানে নয়টি সন্ত্রাসী গ্রুপের নাম বেশি আলোচিত। এসব গোষ্ঠীর মধ্যে রয়েছে বি-কোম্পানি, পলাশ গ্রুপ, হুমা বাহিনী, আরমান গ্রুপ, শাকিল গ্রুপ, নাসিম গ্রুপ, আশিক গ্রুপ, নূর আজিম গ্রুপ ও টেংকি শাওন গ্রুপ।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন, ইমন শরীফ ও সজল খানের নামে কেএমপির বিভিন্ন থানায় মামলা আছে। ইমন শরীফকে লবণচরা এলাকার এক ব্যবসায়ীর বাড়িতে চাঁদা দাবি করে না পেয়ে পরে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই মামলার প্রধান আসামি আশিক। আর সজল খানের বিরুদ্ধে সদর থানায় থাকা এক মামলায় আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত খুলনা নগরে ১৯টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গণ-অভ্যুত্থানের পর নগরে সংঘটিত ৩৪টি হত্যাকাণ্ডের সঙ্গে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, অধিকাংশ হত্যাকাণ্ডের পেছনে অস্ত্র ও মাদক কারবারের নিয়ন্ত্রণ, চাঁদাবাজি এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পারস্পরিক বিরোধ ও পূর্বশত্রুতা কাজ করেছে।