টেকনাফে বসতঘর থেকে সাপ উদ্ধার, পরে বনে অবমুক্ত

বসতঘর থেকে সাপটি উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং সংরক্ষিত বনে
ছবি: প্রথম আলো

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকায় স্থানীয় এক ব্যক্তির বসতঘর থেকে একটি সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটিকে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হোয়াইক্যং এলাকার সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়। স্থানীয়দের ভাষ্য, সাপটি গোখরা। স্থানীয়ভাবে এটি ‘জালি জউরা’ নামে পরিচিত।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ৯টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলপুর পুরানপাড়া এলাকায় স্থানীয় বাসিন্দা ছৈয়দ আলম ওরফে পুতিয়ার বসতঘর থেকে সাপটি উদ্ধার করা হয়। সাপটি প্রায় চার ফুট লম্বা। ওজন এক কেজির বেশি। এটির বয়স দেড় থেকে দুই বছর।

বন বিভাগের হোয়াইক্যং রেঞ্জের শামলাপুর ভিলেজ কনজারভেশন গ্রুপের সভাপতি আমীর মুহাম্মদ শাহজাহান প্রথম আলোকে বলেন, মঙ্গলবার রাতে বসতঘরের কক্ষের ভেতর একটি সাপ দেখতে গৃহকর্তা তাঁকে ফোন করেন। তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে গোখরা সাপটি উদ্ধার করেন। পরে রাতেই হোয়াইক্যং শামলাপুর ঢালার বইলাম গাছতলা এলাকায় সাপটি অবমুক্ত করা হয়।

বন বিভাগ হোয়াইক্যং রেঞ্জ কর্মকর্তা মিনার চৌধুরী প্রথম আলোকে বলেন, সাপটি উদ্ধার করার পর রাতেই হোয়াইক্যং বিটের সংরক্ষিত বনাঞ্চলের গভীরে অবমুক্ত করা হয়েছে। কয়েক সপ্তাহে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে আটটি অজগর, একটি শঙ্খিনী সাপ, একটি গোখরা ও একটি বানর উদ্ধার করে আবার সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়।