গাইবান্ধার বালাসী রুটে দেড় মাস ধরে লঞ্চ চলাচল বন্ধ, ছোট নৌকায় ঝুঁকি নিয়ে পারাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রহ্মপুত্র নদে নাব্যতা হ্রাসের ফলে শ্যালো ইঞ্জিনচালিত ছোট ছোট নৌকায় ঝুঁকি নিয়ে যাত্রীরা পার হচ্ছেন। আজ সোমবার সকালে গাইবান্ধার বালাসী ঘাটে
ছবি: প্রথম আলো

ব্রহ্মপুত্র নদে নাব্যতা হ্রাসের ফলে গাইবান্ধার বালাসী-বাহাদুরাবাদ রুটে দেড় মাস ধরে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ফলে শ্যালো ইঞ্জিনচালিত ছোট ছোট নৌকায় ঝুঁকি নিয়ে যাত্রীরা পার হচ্ছেন। এসব ইঞ্জিনচালিত নৌকায় ভাড়া নেওয়া হচ্ছে অনেক বেশি।

দীর্ঘ ২২ বছর পর চলতি বছর বালাসী-বাহাদুরাবাদ নৌরুটে লঞ্চ সার্ভিস চালু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। গত ৯ এপ্রিল লঞ্চ সার্ভিস উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ জন্য উভয় পাশে ১৪৫ কোটি টাকা ব্যয়ে নৌ টার্মিনাল নির্মাণ করা হয়। গাইবান্ধাবাসীর বহু প্রত্যাশিত লঞ্চ সার্ভিস উদ্বোধন করা হলেও তা কাজে আসছে না।

গাইবান্ধা বালাসী-বাহাদুরাবাদ লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফ মিয়া বলেন, উদ্বোধনের পর থেকে প্রতিদিন বালাসী ঘাট থেকে তিনটি লঞ্চ চলাচল করত। জনপ্রতি ভাড়া ছিল ১২০ টাকা। প্রতিটি লঞ্চ ১৫০-২৫০ আসনবিশিষ্ট। যেতে সময় লাগত পৌনে দুই ঘণ্টা ও আসতে লাগত আড়াই ঘণ্টা। কিন্তু নাব্যতা সংকটের কারণে নিয়মিত লঞ্চ চালানো যাচ্ছে না। লঞ্চ নিয়মিত চালাতে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের কাছে ড্রেজার চাওয়া হয়েছে। ড্রেজিং ছাড়া এ রুটে লঞ্চ চালানো সম্ভব নয়।

এসব নৌকায় যাত্রীপ্রতি ৩০০-৩৫০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। আগে ২০০ থেকে ২২০ টাকা ভাড়া নেওয়া হতো।

আজ সোমবার সকালে সরেজমিনে বালাসী ঘাটে দেখা গেছে, নদীতে কয়েকটি ছোট নৌকা যাত্রী পারাপার করছে। শ্যালো ইঞ্জিনচালিত প্রতিটি নৌকায় ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছে। নৌকার ওপরে ছাউনি নেই। নেই নিরাপত্তামূলক ব্যবস্থা। বালুচর জেগে ওঠায় কর্তৃপক্ষ মূল ঘাট থেকে দূরে ঘাট স্থাপন করেছে। যাত্রীরা ঘাটে পৌঁছাতে ঘোড়ার গাড়িতে যাচ্ছেন।

শ্যালো ইঞ্জিনচালিত প্রতিটি নৌকায় ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছে। আজ সোমবার সকালে গাইবান্ধার বালাসী ঘাটে
ছবি: প্রথম আলো

ঘাটের লোকজনের সঙ্গে কথা জানা গেছে, প্রতিদিন ছোট–বড় ১৫-২০টি নৌকায় যাত্রী পারাপার চলছে। বালাসী থেকে বাহাদুরাবাদ যেতে এসব নৌকায় যাত্রীপ্রতি ৩০০-৩৫০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। আগে ২০০ থেকে ২২০ টাকা ভাড়া নেওয়া হতো। বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে পার হচ্ছেন যাত্রীরা।

এই রুটে প্রায়ই গাইবান্ধা শহরের মুরাদ মিয়া (৬০) জামালপুর যান। তিনি বলেন, বেশি ভাড়া নেওয়া হলেও নৌকায় যাত্রীসুবিধা নেই। নেই যাত্রীছাউনি কিংবা ছাতার ব্যবস্থা। রোদে পুড়ে যেতে হয়। এতে শিশু ও বৃদ্ধ যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন। অতিরিক্ত যাত্রীর কারণে দুর্ঘটনা ঘটলে নিরাপত্তামূলক কোনো ব্যবস্থা নেই।

আনিছুর রহমান (৪৫) নামের এক যাত্রী বলেন, স্ত্রী ও তিন বছরের শিশুসন্তানসহ ঝুঁকি নিয়ে নৌকায় যাতায়াত করছেন। কয়েক মাস আগে বালাসী ঘাট থেকে লঞ্চ চলাচল করেছে। এখন মাঝনদীতে লঞ্চ আটকে আছে।

ব্রহ্মপুত্র নদে নাব্যতা হ্রাসের ফলে জেড়ে ওঠা চরে আটকে আছে লঞ্চ। আজ সোমবার সকালে গাইবান্ধার বালাসী ঘাটের কাছে
ছবি: প্রথম আলো

একই এলাকার সাবেদুল ইসলাম (৫০) বলেন, নদীর পানি শুকিয়ে চর জেগে উঠেছে। তাই আর লঞ্চ চলে না। দীর্ঘদিন ধরে নদী খননের কথা বলছে সরকার, কিন্তু খনন করা হচ্ছে না।

গাইবান্ধা সদর উপজেলার বোয়ালি গ্রামের বাসিন্দা ফরিদ উদ্দিন (৫২) বলেন, লঞ্চ চালু থাকলে ভোগান্তি ও খরচ কম হয়। ঢাকা যেতে কম টাকা খরচ হতো। লঞ্চ বন্ধ হওয়ায় যেমন ভোগান্তি বাড়ছে, তেমনি খরচ বাড়ছে। প্রত্যেক যাত্রীকে অতিরিক্ত ১৫০ টাকা ভাড়া দিতে হচ্ছে। সঙ্গে ব্যাগ বা মোটরসাইকেল থাকলে আরও অতিরিক্ত ৫০ টাকা দিয়ে পার হতে হচ্ছে।

ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া গ্রামের ব্যবসায়ী আল-আমিন (৫৫) বলেন, লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় মানুষ নৌকার ওপর নির্ভরশীল হয়েছেন। এ সুযোগে জনপ্রতি ৩০০-৩৫০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। তিনি ৩৫০ টাকা দিয়ে ঢাকা থেকে বাড়ি এসেছেন।

বালাসী ঘাটের ইজারাদার বাদল মিয়া অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তবে তিনি স্বীকার করেন, লঞ্চ চলাচল বন্ধ থাকায় নৌকায় যাত্রীরা গাদাগাদি করে পার হচ্ছেন।