গাজীপুরে দগ্ধ স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় ঘরের ভেতর দগ্ধ স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার ভোররাতে পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে।

এই দম্পতি হলেন সুফিয়ান রহমান (৪০) ও তাঁর স্ত্রী নাসরিন আক্তার (৩৬)। সুফিয়ান রহমান নীলফামারীর ডিমলার ভাঙ্গারহাট এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মাইকেল বণিক বলেন, জরুন এলাকায় শুক্কুর সিকদারের ছয়তলা বাড়ির নিচতলার একটি কক্ষের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে দগ্ধ স্বামী–স্ত্রীর মরদেহ পড়ে থাকতে দেখে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে রাতের কোনো একসময় আগুন লাগিয়ে তাঁরা আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এসআই মাইকেল বণিক বলেন, স্বামী–স্ত্রীর লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।