‘গরিব মানুষির জীবন আর তিতপুঁটি সমান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্ধশতাব্দীর বেশি সময় ধরে খুলনার বড়বাজার এলাকায় খোলা আকাশের নিচে বসে নরসুন্দরের কাজ করে যাচ্ছেন নড়াইলের মিলন শীল
ছবি: প্রথম আলো

ফাল্গুনের সকালের বাতাসে হিম হিম শীতলতা। লাল সূর্যটা সবে একটু একটু করে রোদ ছড়াতে শুরু করছে। খুলনার ভৈরব তীরের বড়বাজার ওয়েস্ট মেকট রোডের ডাবঘাট এলাকা একটু একটু করে কর্মব্যস্ত হয়ে উঠেছে। ডাবঘাট থেকে একটা সরু পথ পুরোনো স্টেশন রোডের পাশের আড়ত ঘরগুলোর দিকে চলে গেছে। ওই পথের মাথার দিকে একটা আড়তের পাশে বসে ষাটোর্ধ্ব বৃদ্ধ মিলন শীল একজনের দাড়ি কামিয়ে দিচ্ছেন। খোলা আকাশের নিচে পুরোনো কাঠের একটা ছোট চেয়ারে বসিয়েই চলছে কর্মযজ্ঞ। পাশের আরেকটা চেয়ারে রাখা সেলুনের সরঞ্জাম।

মিলন শীলের বয়স এখন ৬৭ বছর। বাংলাদেশ স্বাধীনতা অর্জন করার পরের বছর থেকে এই বড়বাজারে বসেই চুল কাটছেন তিনি। হাতের কাজ শেষে মিলন শীল ব্যাগ থেকে একটা নিমের দাঁতন নিয়ে দাঁত ঘঁষছিলেন। এসবের ফাঁকে ফাঁকে কথা হলো তাঁর সঙ্গে।

আলাপে আলাপে জানা গেল, পাকিস্তান আমল থেকেই খুলনার বড় বাজার এলাকায় কালিয়ার অনেকেই চুল কাটার কাজ করতেন। বাবা অধীর শীল ও বড় ভাই খোকন শীলের দেখাদেখি মিলনও খুলনা আসেন। মিলনের বয়স তখন ১৫ থেকে ১৬ বছর। সেই থেকে প্রায় ৫২ বছর ধরে এই পেশাতেই আছেন মিলন। তিনি বলেন, ‘নড়াইল কালিয়ার বহু লোক এখানে কাজ করত। তখন তো সেলুন ছিল না। সবাই খোলা জায়গায় কাজ করত। সময়ের সঙ্গে সঙ্গে অনেকে পেশা বদলে ফেলেছে। অনেকে এই এলাকা ছেড়েছে। এখন এই ডাবঘাট এলাকায় খোলা আকাশের নিচের ফুটপাতে বসে শুধু আমিই কাজ করি। এটা আমাদের বংশ পরম্পরার পেশা।’

মিলন শীলের পরিবার কালিয়াতে থাকে। তিন সন্তানের মধ্যে দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। ছেলে আকাশ শীলকে বিএসসি পর্যন্ত পড়ালেখা করিয়েছেন। মিলন এক দেড় মাস পরপর বাড়িতে যান। কয়েকটা দিন থেকে আবার ফেরেন বড়বাজার এলাকায় তাঁর কর্মস্থলে। তিনি যে আড়ত ঘরের পাশে কাজ করছিলেন, তার দেয়ালে কয়েকটা ঝুলানো কাপড়ের ব্যাগ। তাতে তাঁর ব্যবহার্য গামছা ও কাপড়চোপড়। এগুলো সব সময় সঙ্গে রাখতে হয় তাঁর। খুলনাতে কোনো বাসা নেই তাঁর। পরিচিত একটা সেলুনের দোকানে রাত কাটান। খাওয়াদাওয়া চলে বাজার এলাকার একটা মেসে।

মিলন বলেন, ‘পরিচিত একটা সেলুনের দোকানের চেয়ার-বেঞ্চ গুটিয়ে রাতে থাকি। সকাল আটটায় এখানে এসে কাজে নামি। সন্ধ্যার পরপর বন্ধ করি। দুপুরে স্নান করি পাশের নদীতে। এ জন্য ব্যাগে সব সময় কাপড়চোপড়, গামছা রাখতে হয়। স্থায়ী বাসা যেহেতু নেই; তাই সঙ্গে বাড়ি সঙ্গে ঘর আর কি!’ আধুনিক এই যুগে এসে সেকেলে সেলুনের কাজ করে খুব একটা রোজগার হয় না মিলনের। এখানকার ঘাটশ্রমিকরাই মূলত তাঁর গ্রাহক। খোলা আকাশের নিচ থেকে সরে গিয়ে মিলন অবশ্য একবার বড় সেলুনের দোকান খুলেছিলেন। বড়বাজার এলাকার প্রথম সেলুন চিটাগংয়ে সেলুন ভাড়া নিয়ে কাজ চালাতেন। তবে তাতে পোষাতে না পেরে ফের ফিরে আসেন খোলা আকাশের নিচে। অন্যের দোকানে কাজ করার চেয়ে স্বাধীনভাবে কাজ করাই তাঁর পছন্দ।

পেশাজীবন শুরুর দিকে চুল কাটানো আর শেভ করে আট আনা রাখতেন মিলন। শুধু চুলকাটা ছয় আনা। তখন মিলনের সংসার ভালোই চলত। এখন চুলকাটায় তিনি রাখেন ৪০ থেকে ৫০ টাকা হয়। দাড়ি কামানো ২০ টাকা। হতাশার সুরে মিলন বলেন, ‘এখন কাস্টমার হয় না। ১৫ বছর ধরে কাজে ভাটা। আধুনিক যুগ হয়ে গেছে। সবখানেই বিলাসিতা। এখন সবাই ভালো সেলুনে যায়। ফুটপাতে সেলুনের দাম নাই। প্রতিদিন আড়াই শ–তিন শ টাকা হয়। এই কাজ চোখের ওপর নির্ভর করে। চোখে যতক্ষণ কুলাবে, কাজ চালিয়ে যেতে হবে। ছেলে যদি আয়ের একটা পথ পেত, তখন না হয় চিন্তা করা যেত।’

মিলনের একদিকে যেমন আয় কমেছে, তেমনি বেড়েছে ব্যয়। সংসার চালাতেই অসুবিধা হয়ে যাচ্ছে তাঁর। মিলন শীল বলেন, ‘খরচা বাড়ছে। সাবান, ক্রিম, ব্লেড সব কিছুর দাম বাড়ছে। আবার মনে করেন আগে ১ কেজি চাল কিনতাম ৩০ টাকায়, এখন সেটা ৬০ থেকে ৬৫ টাকা। আটা কিনতাম ২০ থেকে ২২ টাকায়, এখন তা ৬০ টাকা।’
সংসারের কথা বলতে বলতে জীবেনর নানা হিসাব–নিকাশের আলাপ তোলেন মিলন। ভীষণ আক্ষেপ আর হতাশা নিয়ে তিনি বলেন, ‘এ জনমে আর ভালো থাকা হবে না। গরিব মানুষির জীবন বোঝেন তো। অর্থ-সম্পদ, টাকাপয়সা না থাকলে মানষির মধ্যে গণ্য হয় না। গরিব মানুষির জীবন আর তিতপুঁটি সমান।’