রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিনতাইকারীদের ছুরিকাঘাতের ঘটনায় প্রশাসন মামলা করার সিদ্ধান্ত নিয়েছে। কর্তৃপক্ষের কাছ থেকে মামলা করার আশ্বাস পেয়ে বাংলা বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন থেকে সরেছেন এবং তাঁদের কর্মসূচি স্থগিত করেছেন।
আজ শনিবার সকাল ১০টার দিকে ছয় দফা দাবিতে শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন। আর ভেতরে ছাত্র উপদেষ্টার দপ্তরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল আলোচনায় বসে। পরে বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বাদী হয়ে ছিনতাইয়ের ঘটনায় মামলা করবেন, এমন আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি স্থগিত করেন।
বাংলা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী সৈয়দ নাসির হা-মীম প্রথম আলোকে বলেন, প্রশাসন মামলা করবে, এই আশ্বাসে কর্মসূচি স্থগিত করেছেন তাঁরা। তবে তাঁদের সব দাবিদাওয়া ক্যাম্পাসের শিক্ষার্থীদের স্বার্থে বাস্তবায়ন করতে হবে।
গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এলাকায় দুই পুলিশ ফাঁড়ির মাঝামাঝি স্থানে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হন বাংলা বিভাগের ২০২৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র আবদুল্লাহ আল জায়েদ। তিনি বিশ্ববিদ্যালয়ের শাহমখদুম হলের আবাসিক শিক্ষার্থী। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ছুরিকাঘাতের ঘটনায় গতকাল রাতে বাংলা বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন। এ সময় তাঁরা পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষোদ্গার করে নানা স্লোগান দেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের আশ্বাসে তাঁরা রাত পৌনে ১২টার দিকে অবস্থান কর্মসূচি স্থগিত করেন।
আজ শনিবার সকাল ১০টার পর আবার প্রশাসন ভবনের সামনে অবস্থা নেন বাংলা বিভাগের শিক্ষার্থীরা। ছাত্র উপদেষ্টার দপ্তরে বাংলা বিভাগের পক্ষ থেকে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল আলোচনাও করে এ সময়। এই আলোচনায় দুপুরের দিকে বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শহীদ ইকবালও যোগ দেন।
ছাত্র উপদেষ্টা অধ্যাপক তারেক নূর বলেন, শিক্ষার্থীদের সব দাবি প্রশাসন গ্রহণ করেছে। এ বিষয়ে বাংলা বিভাগের সভাপতির সঙ্গে আলোচনা হয়েছে। ইতিমধ্যে অভিযুক্তদের আটক করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও মামলা করবে। দাবিগুলো তাঁরা গুরুত্বসহকারে নিয়েছেন। এগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে।