বৃক্ষপ্রেমের কাছে হার মেনেছে কার্তিক পরামানিকের বয়স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীনগরের হঠাৎপাড়া এলাকার রাস্তার ধারে গাছ লাগাচ্ছেন বৃক্ষপ্রেমী কার্তিক পরামানিক। শুক্রবার দুপুরে
ছবি: প্রথম আলো

বয়সের একপর্যায়ে শরীর আর আগের মতো কর্মক্ষম থাকে না। মানুষের শারীরিক কার্যক্রম অনেকটাই সংকুচিত হয়। এমনটা হয়েছে বৃক্ষপ্রেমী কার্তিক পরামানিকের বেলায়ও। আগে যেখানে সাড়ে তিন বিঘা জমি নিজেই চাষ করতেন, এখন সেই জমি ছেলেমেয়েদের প্রয়োজনে বিক্রি করে দিয়েছেন। আগে প্রতিদিনই কোনো না কোনো কাজ করতেন। কিন্তু এখন তাতে ভাটা পড়েছে। কাজ বলতে এখন নিজের নার্সারিতে গাছের যত্ন নেওয়া আর সেখানকার চারা এলাকার বিভিন্ন রাস্তার পাশে রোপণ করা। শরীরের জোর কমলেও গাছ লাগানোর উৎসাহে কোনো ভাটা নেই তাঁর।

বাবাকে নিয়ে এমন কথা বলছিলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর গ্রামের বাসিন্দা কার্তিক পরামানিকের ছোট ছেলে সনাতন পরামানিক (৩০)। তিনি প্রথম আলোকে বলেন, ‘ছোটবেলা থেকেই বাবার সঙ্গে বৃক্ষরোপণের কাজে যুক্ত আছি। বৃক্ষপ্রেমী হিসেবে বাবার পরিচিতি, পাঠ্যবইয়ে স্থান পাওয়া, বাবার জন্য এই সীমান্তবর্তী চরাঞ্চলে পাকা সড়ক হওয়া, এলাকার মানুষের দেওয়া সম্মান—এসব নিয়ে গর্ব হয় আমাদের পরিবারের সবার। এ ছাড়া বাবা বলেছেন, “যখন আমি থাকব না, তখন তুমিই আমার হয়ে গাছ লাগানো চালিয়ে যাবে।”’

শুক্রবার দুপুরে মনাকষা ইউনিয়নের রানীনগরে বৃক্ষরোপণের সময় কথা হয় সনাতন পরামানিকের সঙ্গে। তিনি বলেন, ‘আজ মেহগনি, কড়াই ও বট-পাকুড় মিলিয়ে ৫০টি চারা নিয়ে বের হয়েছি। চার দিন আগে আরও ১০টি গাছ লাগানো হয়েছে এলাকার মাটির সড়কের পাশে। এ বছর ১০০টি গাছের চারা লাগানোর কথা আছে।’ তিনি বলেন, সেই ১০ বছর বয়স থেকে এক সময়ের ধু ধু বালুচর এলাকায় গাছ লাগিয়ে চলেছেন তাঁর বাবা। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বাবার বয়স ৭৭ হলেও বাবা মনে করেন তাঁর বয়স ৮০ বছরের বেশি। তাঁর মতে, প্রায় ৭০ বছর ধরে তিনি গাছ লাগিয়ে চলেছেন। প্রতিবছর ১৫০–২০০ গাছ লাগান তিনি।

আরও পড়ুন

রানীনগর হঠাৎপাড়ার বাসিন্দা মো. ধুলু (৬৫), মো. বাদশা (৬৩) ও আবদুস সামাদ বলেন, তাঁরা ছোটবেলা থেকেই কার্তিক পরামানিককে গাছ লাগাতে দেখেছেন। এলাকার রাস্তাঘাট, হাটবাজার, ঈদগাহ, মসজিদ-মাদ্রাসা, স্কুল-কলেজে যত বড় বড় গাছ—সবই তাঁর লাগানো। ২০০৭ সালে গ্রামের পাকা রাস্তাটা হয়েছে কার্তিক পরামানিকের জন্য।

কার্তিক পরামানিক প্রথম আলোকে বলেন, ‘আগের মতো শরীর না চললেও গাছ লাগানোর সময় (বর্ষাকাল) হলে আর নিজেকে ধরে রাখতে পারি না। শরীর যত দিন চলবে, তত দিন গাছ লাগাব। আর আমি না থাকলে ছোট ছেলে লাগিয়ে যাবে। আমি তাঁকে তেমনভাবে তৈরি করার চেষ্টা করেছি।’

‘গয়া-কাশী গিয়ে তীর্থ করে যে পুণ্য হবে, তার থেকে ছায়াবৃক্ষ লাগিয়ে অনেক বেশি পুণ্য পাওয়া যাবে। সেই বৃক্ষের ছায়ায় মানুষের প্রাণ জুড়াবে। পাখপাখালির আশ্রয় হবে’—গল্প বলার সময় কার্তিক পরামানিককে এমনটাই বলেছিলেন তাঁর বাবা। ছোটবেলায় শোনা সেই কথা গেঁথে যায় তাঁর মনে। ১০ বছর বয়সে শুরু হয় তাঁর গাছ লাগানো। এলাকায় বট-পাকুড়সহ বড় বড় গাছ এখন কালের সাক্ষী হয়ে একেকটি কার্তিকনামা হয়ে দাঁড়িয়ে আছে।

কার্তিক পরামানিককে নিয়ে ২০০৩ সালের ২ ডিসেম্বর প্রথম আলোয় ‘বিশাল বিশাল বৃক্ষগুলো যেন একেকটি কার্তিকনামা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ২০০৬ সালে তাঁকে ঢাকায় এনে কৃষি পদক দেওয়া হয়। অনুষ্ঠানে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের যোগাযোগ উপদেষ্টা তাঁকে বলেন, ‘আপনি কী চান?’ কার্তিক পরামানিক তাঁর এলাকার রাস্তাটা পাকা করে দেওয়ার দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে ২০০৭ সালে মনাকষার হঠাৎপাড়া থেকে কার্তিক পরামানিকের বাড়ি পর্যন্ত প্রায় সাত কিলোমিটার রাস্তা পাকা করে দেওয়া হয়।

কার্তিক পরামানিক বলেন, ‘প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশের পর সারা দেশের মানুষ আমার কথা জানতে পেরেছে। জীবনে অনেক সম্মান, পদক ও পুরস্কার পেয়েছি। সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে ২০১৩ সালে অষ্টম শ্রেণির ইংরেজি পাঠ্যবইয়ে আমাকে নিয়ে গল্প ছাপিয়েছে। সারা দেশের ছাত্রছাত্রী আমার গাছ লাগানোর গল্প পড়েছে। জীবনে এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে!’