গলা কেটে চালককে হত্যা করে ভ্যান নিয়ে গেছে দুর্বৃত্তরা

হত্যা
প্রতীকী ছবি

ফরিদপুরের মধুখালীতে এক ব্যাটারিচালিত ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বকশীপুর এলাকায় সড়কের পাশে লাশটি পাওয়া যায়।

নিহত নয়ন শেখ (২৫) উপজেলার রায়পুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের লুৎফর শেখের ছেলে। নয়ন অবিবাহিত ছিলেন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নয়ন শেখ গতকাল বুধবার বিকেলে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হন। এরপর সারা রাতে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। আজ সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় লোকজন এলাকার বকশীপুর রাস্তার পাশে তাঁর মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে মধুখালী থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
রায়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাকির হোসেন বলেন, ছেলেটি খুব মিশুক প্রকৃতির ছিলেন। গতকাল বিকেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। বৃহস্পতিবার সকালে বকশীপুর প্রাইমারি স্কুলসংলগ্ন এলাকায় রাস্তার পাশে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে লোকজন খবর দেন। পরে পুলিশকে জানানো হয়।

মধুখালী থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, ওই ভ্যানচালককে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ছাড়া তাঁর শরীরের বিভিন্ন জায়গায় ধারাল অস্ত্রের জখম রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁকে হত্যার পর ভ্যানটি নিয়ে যায়।