রূপপুরে প্রকল্প এলাকা থেকে রুশ নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
ফাইল ছবি: প্রথম আলো

পাবনার ঈশ্বরদী উপজেলায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের আবাসিক এলাকা থেকে এক রুশ নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে প্রকল্পের গ্রিন সিটি আবাসিক এলাকার একটি ভবন থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

লাশ উদ্ধার হওয়া ওই নারীর নাম রিয়াবোভা গুলনারা (৫১)। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ‘এটমস্ত্রয় এক্সপোর্ট’ (এএসই) নামের রাশিয়ার একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। তিনি গ্রিন সিটি আবাসিক এলাকার ১৩ নম্বর ভবনের ১৪৬ নম্বর কক্ষে থাকতেন।

পুলিশ জানায়, রিয়াবোভা গুলনারা প্রতিদিনের মতো গতকাল বুধবার রাতে নিজের কক্ষে ঘুমাতে যান। এরপর তিনি কক্ষ থেকে বের হননি। সকালে সহকর্মীরা ডাকাডাকি করলেও তিনি সাড়া দিচ্ছিলেন না। কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তাঁর লাশ উদ্ধার করে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার প্রথম আলোকে বলেন, লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদনে নিহত নারীর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।