উখিয়ায় আশ্রয়শিবিরের ঘরে ঢুকে ছুরিকাঘাতে রোহিঙ্গা মাঝিকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়ার জামতলী আশ্রয়শিবিরে (ক্যাম্প-১৫) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আরও একজন রোহিঙ্গা মাঝি (নেতা) নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে আশ্রয়শিবিরের এ-৫ ব্লকে ৮৫৮ নম্বর শেডে এ ঘটনা ঘটে।

নিহত মাঝির নাম রশিদ আহমদ (৩৬)। তিনি ওই আশ্রয়শিবিরের এ-৪ ব্লকের ৩৩২ নম্বর শেডের বাসিন্দা আবদুল হাকিমের ছেলে। রশিদ ক্যাম্পের ১-৪ ব্লকের হেড মাঝি ছিলেন। এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গতকাল রাত আটটার দিকে হেড মাঝি রশিদ আহমদ ওই আশ্রয়শিবিরের এ-৫ ব্লকের ৮৫৮ নম্বর শেডে থাকা দ্বিতীয় স্ত্রী জেসমিন আরার ঘরে ছিলেন। এ সময় মুখোশধারী দু–তিনজন রোহিঙ্গা সন্ত্রাসী জেসমিনের ঘরে ঢুকে রশিদ আহমদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

জেসমিনের চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে যান। তাঁরা গুরুতর অবস্থায় রশিদকে উদ্ধার করে আশ্রয়শিবিরের (ক্যাম্প-১৫) এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাত সাড়ে ১০টার দিকে উখিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) ওলিউর রহমান। তিনি বলেন, উপর্যুপরি ছুরিকাঘাতে রোহিঙ্গা মাঝি রশিদকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। হত্যার কারণ অনুসন্ধান করা হচ্ছে।
পুলিশ ও রোহিঙ্গা নেতাদের দেওয়া তথ্যমতে, চার মাস ধরে উখিয়ার একাধিক আশ্রয়শিবিরে রোহিঙ্গা সন্ত্রাসী বাহিনীর মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় অন্তত ২৩ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০ রোহিঙ্গা মাঝি ও ৫ জন আরসার সদস্য। অন্যরা সাধারণ রোহিঙ্গা।

এর আগে গত শুক্রবার বেলা দেড়টার দিকে উখিয়ার বালুখালী আশ্রয়শিবিরে (ক্যাম্প-৮ পশ্চিম) আরসা সন্ত্রাসীদের হামলায় মোহাম্মদ নবী (৪০) নামের এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হন। পুলিশ জানিয়েছে, মোহাম্মদ নবী রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন গ্রুপের সদস্য। পুলিশের তত্ত্বাবধানে মোহাম্মদ নবীর চিকিৎসা চলছে কক্সবাজার সদর হাসপাতালে। নবীর কপাল ও পায়ে একাধিক গুলির দাগ রয়েছে। ওই দিন বিকেলে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) নবীর বসতিতে অভিযান চালিয়ে অত্যাধুনিক একটি হ্যান্ডগ্রেনেড উদ্ধার করে। আশ্রয়শিবিরে রোহিঙ্গা বসতিতে এই গ্রেনেড কীভাবে এল, কারা আনল, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। গ্রেনেড–রহস্য উদ্‌ঘাটনে মাঠে নেমেছে একাধিক গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।