স্মৃতি-বিস্মৃতির ‘আষাঢ়ে ক্লাব’
আষাঢ় মানে শুধু বৃষ্টি নয়, বৃষ্টিতে পথঘাট ভেসে যাওয়া নয়। আষাঢ় আমাদের দিয়েছে গান, কবিতা ও আষাঢ়ে গল্প। আজ থেকে প্রায় শতবর্ষ আগে রাজশাহীর সংগীতজ্ঞরা উচ্চাঙ্গসংগীত চর্চার জন্য একটি ক্লাব করেছিলেন। নাম দিয়েছিলেন আষাঢ়ে ক্লাব।
আষাঢ়ে ক্লাবে আষাঢ়ে গল্প নয়, বসত উচ্চাঙ্গসংগীতের আসর। উচ্চাঙ্গসংগীতচর্চার জন্য এমন ক্লাব প্রতিষ্ঠার ব্যাপারটি এত বছর পর অনেকের কাছেই আষাঢ়ে গল্প বলে মনে হতে পারে। ভারতের বিখ্যাত সংগীত সাধকেরা আষাঢ়ে ক্লাবে ‘মিউজিক কনফারেন্সে’ আসতেন। তাঁরা উঠতেন রাজশাহীর তালন্দ জমিদারবাড়িতে। বাড়িটি এখনো বর্তমান। ধারণা করা হয়, ১৯৪৭ সালে দেশভাগের পরে সেখানে আর সংগীতের আসর বসেনি।
যতটুকু জানা যায়, শহরের তালন্দ ভবনে ১৯৩০ সালের দিকে আষাঢ়ে ক্লাবের যাত্রা শুরু। তারণ মণ্ডল, ব্রজেন্দ্র মোহন মৈত্রেয়, রেবতী চক্রবর্তী তখন রাজশাহীর উচ্চাঙ্গসংগীতের অন্যতম পুরোধা। এই ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন স্থানীয় জমিদার ধরণী মোহন মৈত্রেয়, সুরেন চৌধুরী, সুকুমার মৈত্রেয়, নিরেন ঘোষ ও গোপীকুলমোহন মৈত্রেয়। তাঁরা প্রতিবছর আষাঢ়ের প্রথম দিবসে এই ক্লাবে সংগীত সম্মেলন করতেন। সেখানে ভারতের বিখ্যাত সংগীতজ্ঞ ওস্তাদ বড়ে গুলাম আলী খাঁ, ওস্তাদ আহম্মদজান থিরাগুয়া, ভীষ্মদেব চট্টোপাধ্যায়, জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী, ওস্তাদ আমির আলী খাঁ, হাফিজ আলী খাঁ প্রমুখ অংশ নিতেন।
‘তালন্দ ভবন’ রাজশাহীর তালন্দ জমিদার পরিবারের বাড়ি। বিশ্ববিশ্রুত সরোদবাদক রাধিকা মোহন মৈত্রেয়র পৈতৃক নিবাস। বাড়িটিতে এখন ল্যাডলি মোহন মৈত্রেয় (৪৩) বসবাস করেন। ল্যাডলি মোহন হলেন রাধিকা মোহনের চাচাতো ভাইয়ের ছেলে। ল্যাডলি ছোটবেলায় বাবার মুখে আষাঢ়ে ক্লাবের কথা শুনেছেন। তাঁদের বাড়ির পেছনের অংশে ৪০ কক্ষের একটি দ্বিতল ভবন ছিল। সেখানেই অতিথিদের থাকার বন্দোবস্ত হতো। সেই ভবন এখনো আছে। তবে পরিচর্যার অভাবে প্রায় ১০টি কক্ষ ভেঙে গেছে। ভবনটি এখন সরকারের একটি সংস্থার কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে।
ল্যাডলি মোহন মৈত্রেয়র ভাষ্য অনুযায়ী, তালন্দ ভবনের সামনের যে অংশে তাঁরা এখন পরিবার–পরিজনসহ থাকেন, সেখানেই ওস্তাদেরা এসে সংগীতের মহড়া দিতেন। আর মিউজিক কনফারেন্স হতো শহরের অলকা হলে।
রাধিকা মোহন মৈত্রেয়র কাছে সরোদ শেখার সুবাদে তাঁর (রাধিকা) বাবা জমিদার ব্রজেন্দ্র মোহন মৈত্রেয়র সান্নিধ্যে আসার সুযোগ পেয়েছিলেন বর্তমানে ভারতের বিখ্যাত সরোদবাদক ও লেখক সোমজিৎ দাশগুপ্ত (৬২)। ব্রজেন্দ্র মোহন মৈত্রেয়কে তিনি ‘বুড়ো দাদু’ বলে ডাকতেন। এই জমিদারের যাদবপুরের বাসায় বসে তাঁর কাছ থেকেই আষাঢ়ে ক্লাবের আয়োজন নিয়ে তিনি অনেক গল্প শুনেছেন। তখন তিনি (সোমজিৎ) নিতান্তই কিশোর।
মুঠোফোনে এই প্রতিবেদকের সঙ্গে কলকাতায় অবস্থানরত সোমজিৎ দাশগুপ্তের কথা হয়। তাঁর ভাষায়, তালন্দ জমিদার পরিবার ছিল সংগীতের অন্যতম পৃষ্ঠপোষক।
সোমজিতের কাছ থেকে সেই আয়োজনের একদিনের মজার অভিজ্ঞতার কথাও জানা গেল। এই তালন্দ জমিদারবাড়ির দরবারি গায়ক ছিলেন ওস্তাদ আমির খাঁ। তাঁর ভাইপো ওস্তাদ হাফিজ আলী খাঁ সেই আষাঢ়ে ক্লাবের অনুষ্ঠানে গিয়ে বায়না ধরেন যে তাঁকে তালন্দ জমিদারবাড়ির পেছনের দিকে একটি ঘরে থাকতে দিতে হবে। যে ঘরের দুটি জানালা দিয়ে তিনি বাগানের গাছপালা দেখতে পাবেন। তাঁর ইচ্ছা অনুযায়ী তাঁকে সে রকম একটি ঘরেই থাকতে দেওয়া হয়। দুপুরের দিকে তিনি রাধিকা মোহন মৈত্রেয়র (রাধুবাবু) কাছে গিয়ে ভীষণ ক্ষোভ প্রকাশ করলেন। এভাবে তিনি এখানে থাকতে পারবেন না। সামনের ঘরগুলোয় যেসব ওস্তাদ রয়েছেন, তাঁরাই সব হাতে হাতে তুলে নিচ্ছেন। তিনি সকালে যে জলখাবার খেয়েছেন, তারপর আর কিছুই পাননি। এবার রাধুবাবু আগে আগে হেঁটে গেলেন আর তাঁর পেছনে খাবার নিয়ে পরিচারক গেলেন। এবার হাফিজ আলী খাঁ দুঃখ করে বললেন, ‘শেষ পর্যন্ত রাধুবাবুকে আমার খাবার আনতে হলো!’
এই ‘মিউজিক কনফারেন্স’ হতো নগরের ‘অলকা’ হলে। হলটি ২০০৭ সালে ভেঙে ফেলা হয়েছে। সংগীত সমালোচনার পথিকৃৎ প্রখ্যাত সংগীতবিদ ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়ের ছেলে সংগীতজ্ঞ কুমারপ্রসাদ মুখোপাধ্যায় তাঁর কুদরত্ রঙ্গিবিরঙ্গী গ্রন্থে বাবা ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়ের আষাঢ়ে ক্লাবের নেমন্তন্নের চমকপ্রদ বর্ণনা দিয়েছেন।
সরোদ নিয়ে বুদ্ধদেব দাশগুপ্তর গবেষণা ও লেখালেখি সুবিদিত। রাধিকা মোহন মৈত্রেয়র কাছে তাঁর সংগীতে হাতেখড়ি হয়েছিল। তিনি তাঁর বামনের চন্দ্রস্পর্শাভিলাস গ্রন্থে আষাঢ়ে ক্লাবের মিউজিক কনফারেন্সে ওস্তাদ আলী আকবর খাঁ ও বড়ে গুলাম আলী খাঁর পরিবেশনার চিত্তাকর্ষক বর্ণনা দিয়ে বলেছেন, ‘বড়ে গুলাম আলী খাঁ গলা যখন ছাড়লেন, তখন আমার মতন অর্বাচীনেরও শরীর হিম হয়ে গেল।’
আজ ভাবতে অবাক লাগে, শতবর্ষ আগে রাজশাহীর সংগীত অনুরাগীরা শুধু উচ্চাঙ্গসংগীতচর্চার জন্য এমন একটা ক্লাব করেছিলেন। কিন্তু সেই ধারাবাহিকতা আর রক্ষিত হয়নি।
তথ্যসূত্র: বুদ্ধদেব দাশগুপ্ত রচিত বামনের চন্দ্রস্পর্শাভিলাষ প্রথম পর্ব ও কুমারপ্রসাদ মুখোপাধ্যায় রচিত কুদরত্ রঙ্গিবিরঙ্গী গ্রন্থ।