নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

মাসুদ হায়দার ও রুহুল আমিন
ছবি: সংগৃীহত

জাতীয়তাবাদী যুবদল নওগাঁ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মাসুদ হায়দারকে আহ্বায়ক ও রুহুল আমিনকে সদস্যসচিব করা হয়েছে। গতকাল সোমবার রাতে যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণার কথা জানানো হয়।

মাসুদ হায়দার সদ্য বিলুপ্ত জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও রুহুল আমিন ছাত্রবিষয়ক সম্পাদক ছিলেন। পাঁচ সদস্যবিশিষ্ট নতুন কমিটির অন্যরা হলেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এ কে এম রওশানুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক দেওয়ান মুস্তাকিম আহমেদ ও রুবেল হোসেন।

দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১৮ সালে বায়েজিদ হোসেনকে সভাপতি ও খায়রুল ইসলামকে সাধারণ সম্পাদক করে নওগাঁ জেলা যুবদলের কমিটি গঠিত হয়। পরবর্তী সময়ে বায়েজিদ হোসেন জেলা বিএনপির সদস্যসচিবের দায়িত্ব পাওয়ার পর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন দেওয়ান ফারুক। গতকাল রাতে যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠিতে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেন। চিঠিতে আরও উল্লেখ করা হয়, ঘোষিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্যসচিবের যৌথ স্বাক্ষরে সংগঠনের সব সিদ্ধান্ত গৃহীত হবে।

রুহুল আমিন বলেন, এই কমিটি আরও কত সদস্যবিশিষ্ট হবে এবং কত দিনের মধ্যে কমিটি বর্ধিত করা হবে, এ বিষয়ে কেন্দ্রীয় কমিটি থেকে নির্দেশনা এখনো পাননি। কেন্দ্রীয় কমিটি যেভাবে নির্দেশনা দেবে, সেভাবেই কাজ করা হবে।