নাটোরে বাঘসদৃশ প্রাণীকে চলাফেরা করতে দেখে এলাকায় আতঙ্ক

নাটোর সদর উপজেলার আমিরগঞ্জ এলাকায় গতকাল সন্ধ্যা এই প্রাণীকে চলাফেরা করতে দেখা যায়ছবি: ভিডিও থেকে সংগৃহিত

নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের আমিরগঞ্জ এলাকায় গতকাল রোববার সন্ধ্যায় একটি ভুট্টাখেতে বাঘসদৃশ একটি প্রাণীর চলাফেরা দেখে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় এক যুবক বাঘটির চলাফেরার দৃশ্য মুঠোফোনে ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার পর উৎসুক জনতা আজ সোমবার সকাল থেকে ঘটনাস্থলে ভিড় করছেন।

আমিরগঞ্জের অন্তত সাতজন বাসিন্দা জানান, গতকাল সন্ধ্যার দিকে আমিরগঞ্জ বাজারের রাস্তার অদূরে বাঘসদৃশ একটি প্রাণী ভুট্টাখেতের পাশ দিয়ে দৌড়ে যাচ্ছিল। শহিদুল্লাহ নামের এক যুবক এই দৃশ্য দেখে তাৎক্ষণিক তিনি প্রাণীটির চলাফেরার ভিডিও করেন। প্রায় ২২ সেকেন্ডের এই ভিডিও তিনি রাতে ফেসবুকে পোস্ট করেন। ভিডিওটি দেখার পর এলাকাবাসীর মধ্যে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। মানুষজন রাতের বেলায় আর ঘরের বাইরে বের হননি। সবাই নিজেদের শিশুসন্তান ও গবাদিপশু নিরাপদে রাখতে শুরু করেন। আজ সোমবার সকাল থেকে উৎসুক জনতা ঘটনাস্থলের আশপাশে অবস্থান নিয়ে বাঘসদৃশ প্রাণীটি দেখার জন্য অপেক্ষা করতে থাকেন।

প্রত্যক্ষদর্শী শহিদুল্লাহ বলেন, ‘আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ ভুট্টার জমির পাশ দিয়ে রয়েল বেঙ্গল টাইগারের মতো একটি প্রাণী দৌড়ে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে আমি ভিডিও করি। কিছুক্ষণের মধ্যেই ওই প্রাণী ভুট্টার জমির ভেতরে ঢুকে পড়ে। প্রাণীটির গঠন ও চলাফেরা হুবহু বাঘের মতো। শেয়াল-কুকুরের চেয়ে অনেকটা বড়।’

স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, ‘বাঘ দেখতে পাওয়ার কথা শোনার পর থেকে আমরা খুব আতঙ্কে আছি। কখন কার ওপর হামলা করে সেই ভয় করছি।’

আরও পড়ুন

নাটোর বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ‘ভিডিওতে দেখা প্রাণীটিকে স্পষ্ট বোঝা যাচ্ছে না। তবে এ এলাকায় রয়েল বেঙ্গল টাইগারের উপস্থিতি অসম্ভব। তাই ভয় পাওয়ার কিছু নাই। এটা বড় আকৃতির শিয়াল হতে পারে। তবে যে প্রাণীই হোক তাকে হত্যা বা নির্যাতন করা যাবে না। মনে রাখতে হবে, বন্য প্রাণী সংরক্ষণ আইনে এ ধরনের কর্মকাণ্ড দণ্ডনীয় অপরাধ।’

রাজশাহী বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্য প্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, ‘খবরটি শোনার পর আমরা বিষয়টি তদন্ত করার জন্য সেখানে যাওয়ার চেষ্টা করছি। এলাকাবাসীকে এই প্রাণী নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছি। ভিডিওতে মানুষের উপস্থিতি টের পেয়ে প্রাণীটিকে ভুট্টার জমিতে পালিয়ে যেতে দেখা যাচ্ছে। বাঘ হলে তা করত না। বরং হামলা করত।’