চট্টগ্রাম নগরে থানা ভবনের পেছনে ছিনতাই, ভিডিও ভাইরালের পর একজন গ্রেপ্তার

ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিছবি: পুলিশের সৌজন্যে

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা ভবনের পেছনে রিকশাযাত্রীর পথরোধ করে ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মনির হোসেন। গতকাল শনিবার রাতে নগরের বাকলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ছিনতাইয়ের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ ঘটনায় জড়িত আরও দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর আজ রোববার বিকেলে প্রথম আলোকে বলেন, শনিবার সকাল ৬টা ৪০ মিনিটে কোতোয়ালি থানার পেছনে সতীশ বাবু লেনে তিনজন ছিনতাইকারী এক রিকশাযাত্রীর গতিরোধ করেন। ছুরির ভয় দেখিয়ে তাঁরা ওই ব্যক্তির টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ জড়িত ব্যক্তিদের শনাক্ত করে। তাঁদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

ওসি বলেন, ঘটনার ভুক্তভোগী থানায় কোনো অভিযোগ বা মামলা করেননি। পরে পুলিশ বাদী হয়ে এ ঘটনায় মামলা করেছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর মনির ছিনতাইয়ে অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি ব্যাটারিচালিত রিকশায় বসে থাকা এক যাত্রীর ডান পকেট থেকে জোর করে কিছু একটা বের করার চেষ্টা করছেন দুই ব্যক্তি। এ সময় ওই যাত্রীকে বারবার বলতে শোনা যায়, ‘আরে ভাই, দিতাছি তো।’ তিনি নড়াচড়া করলে একপর্যায়ে একজন তাঁর বাঁ পায়ে ছুরি দিয়ে আঘাত করেন। পরে ছুরি দিয়ে ওই যাত্রীর পকেট কাটতে দেখা যায় তাঁকে।