কাশিমপুর কারাগারে পোস্টাল ভোট: ৯৭১ জনের মধ্যে দুদিনে ভোট দিয়েছেন ৪১২ বন্দী
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ৯৭১ জন বন্দী পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। তাঁদের মধ্যে গত দুই দিনে ৪১২ জন ভোট দিয়েছেন।
কাশিমপুর কারাগার-১–এর তত্ত্বাবধায়ক আবু নুর রেজা জানান, তাঁর কারাগারে ১৬১ জন বন্দী পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেছেন। এর মধ্যে গত দুই দিনে ৯৩টি ব্যালট হাতে পেয়েছেন। বাকিগুলো হাতে আসার পর তাঁদের ভোট গ্রহণ করা হবে।
কাশিমপুর কারাগার-২–এর তত্ত্বাবধায়ক মো. আল মামুন জানান, তাঁর কারাগারে ১৩৭ জন বন্দী পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেছেন। এর মধ্যে গতকাল বুধবার ৯৩ জন ভোট দিয়েছেন।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মামুন জানান, ৬২৯ জন বন্দী পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেন। এর মধ্যে এখন পর্যন্ত ৫২০টি ব্যালট হাতে পেয়েছেন। বাকিগুলো যাচাই–বাছাই শেষে পাঠানো হবে। গত দুই দিনে ২২০ জনের ভোট নেওয়া হয়েছে। বাকি ব্যালট পাওয়ার পর ৮ ফেব্রুয়ারি পর্যন্ত অন্যদের পোস্টাল ভোট নেওয়া হবে।
কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের তত্ত্বাবধায়ক কাওয়ালিন নাহার বলেন, ৪৪ জন নারী বন্দী পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেন। তাঁদের মধ্যে ৩৪ জনের ভোট নেওয়া হয়েছে। অন্যদের ব্যালট হাতে পৌঁছালে ভোট গ্রহণ করা হবে।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটে ভোটদানের জন্য মোট ২৩ হাজার ১৭ জন ভোটার নিবন্ধিত হন। যাচাই-বাছাই শেষে ২২ হাজার ৯২৭টি পোস্টাল ব্যালট অনুমোদিত হয় এবং ৯০টি ব্যালট অনুমোদন পায়নি। শনিবার পর্যন্ত ডাকযোগে পাওয়া পোস্টাল ব্যালট স্ক্যানিং কার্যক্রমের পর জেলা প্রশাসনের কাছে ১ হাজার ২২৪টি পোস্টাল ব্যালট জমা পড়েছে। ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটায় এ ভোট দেওয়া যাবে।