রাতভর বিলের পানিতে খোঁজাখুঁজি, তবে শিশুটি গিয়েছিল ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদী জেলার মানচিত্র
প্রতীকী ছবি

বিকেলে দল বেঁধে ফুটবল খেলা শেষে স্থানীয় একটি বিলে গোসলে নেমেছিল পাঁচ শিশু। সন্ধ্যার আগে চার শিশু বাড়িতে ফিরে গেলেও একজন ফেরেনি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে সঙ্গে থাকা ওই চার শিশুর শরণাপন্ন হন। গোসলে নামার তথ্য জানতে পেরে ওই বিলে এসে নিখোঁজ শিশুটির জুতা-গেঞ্জি-হাফপ্যান্ট পড়ে থাকতে দেখেন অভিভাবকেরা।

রাতভর স্থানীয় লোকজন বিলের পানিতে শিশুটিকে খোঁজাখুঁজি করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেন, ডুবুরি দলও তখন পথে। ঠিক তখনই ওই শিশুকে নিয়ে ঢাকা থেকে ঘটনাস্থলে আসেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে নরসিংদী শহরের বিলাসদী এলাকার বটতলাসংলগ্ন একটি বিলে।

ওই শিশুর বয়স ১১ বছর। সে নরসিংদীর স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র। পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন জানান, মাদ্রাসার সমবয়সী দুই সহপাঠীর সঙ্গে মিলে ‘গোসলে নেমে নিখোঁজের কৌশল করে’ ট্রেনে করে ঢাকায় পালিয়ে গিয়েছিল ওই শিশু।

শিশুটির পরিবারের সদস্য ও স্থানীয় ব্যক্তিরা জানান, গতকাল শনিবার বিকেলে স্থানীয় একদল শিশু একটি খোলা জায়গায় ফুটবল খেলছিল। খেলা শেষে পাশের বিলে পাঁচ শিশু মিলে গোসল করতে নামে। তাদের সবার বয়স ১০ থেকে ১২ বছরের মধ্যে। বিলে নামার আগে তারা জামাকাপড় খুলে তীরে রেখে গিয়েছিল। সন্ধ্যার আগে চারজন গোসল শেষ করে তীরে উঠে আসে। তারা জামাকাপড় পরার সময় অপর শিশুটি জানায় সে পরে উঠবে। পরে চার শিশু যে যার মতো বাড়িতে চলে যায়।

রাত ১০টা বেজে গেলেও ওই শিশু বাড়িতে ফিরছিল না। পরিবারের সদস্যরা আশপাশের বাড়ি, দোকান ও স্বজনদের কাছে তার খোঁজখবর নেওয়া শুরু করেন। সঙ্গে থাকা বন্ধুদের কাছে তাঁরা জানতে পারেন, ফুটবল খেলা শেষে শিশুটি বিলে গোসল করতে নেমেছিল। রাতেই তাঁরা বিলের তীরে গিয়ে দেখেন, ওই শিশুর জুতা, গেঞ্জি ও হাফপ্যান্ট সেখানে পড়ে আছে। শিশুটি পানিতে নিখোঁজ হয়েছে ভেবে স্থানীয় লোকজন বিলে নেমে রাতভর তাকে উদ্ধারের চেষ্টা চালান।

কোনো সন্ধান না পেয়ে আজ বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেন এবং টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তারাও ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। এর মধ্যে শিশুকে নিয়ে এক ব্যক্তি ঘটনাস্থলে হাজির হন।

শিশুকে নিয়ে ঘটনাস্থলে আসা ব্যক্তির নাম কদর আলী। তিনি নরসিংদী শহরের বিলাসদী এলাকার বাসিন্দা হলেও রাজধানীতে রিকশা চালান। তাঁর ভাষ্য, তিতাস কমিউটার ট্রেনে বাড়ি ফেরার জন্য সকাল ৯টার দিকে ঢাকার তেজগাঁও রেলস্টেশনে আসেন। ট্রেনে আড়িখোলা স্টেশনে আসার পর দেখেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একদল ব্যক্তি ট্রেনের ছাদে ছোটাছুটি করা তিন শিশুকে গালিগালাজ করছেন। কদর আলী বলেন, ‘আমিও এগিয়ে গিয়ে ধমক দিলে একটি শিশু বলে ওঠে, আমাকে সে চেনে। এখানে কীভাবে আসছ—জিজ্ঞেস করলে উল্টাপাল্টা উত্তর দেয়। পরে নরসিংদী স্টেশনে নেমে তাকে সঙ্গে নিয়েই এলাকায় যাই। এ সময় জানতে পারি, শিশুটি নাকি মারা গেছে, বিলের পানিতে তার লাশ উদ্ধারের চেষ্টা চলছে।’

শিশুটির বরাত দিয়ে তার বাবা আনোয়ার হোসেন জানান, ‘গতকাল সন্ধ্যায় গোসল শেষে ওই দুই ছাত্রের সঙ্গে পালিয়ে যাওয়ার প্ল্যান আগেই করে রেখেছিল সে। পরনে থাকা জুতা, গেঞ্জি ও হাফপ্যান্ট বিলের পারে রেখেই (যাতে সবাই তাকে বিলের পানিতে খুঁজতে থাকে) গোসল শেষ করে আগে থেকে এনে রাখা একটি কালো গেঞ্জি ও হাফপ্যান্ট পরে নেয় সে। পরে তিনজন ঢাকাগামী একটি ট্রেনে উঠে যায়। রাতটা তারা কমলাপুর স্টেশনে কাটানোর পর সকালে তিতাস কমিউটার ট্রেনের ছাদে উঠে পড়ে। নরসিংদী স্টেশনে নামার পর তাকে নিয়ে একজন আজ বেলা সাড়ে ১১টায় এলাকায় ফেরে, তখনো ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে বিলের পানিতে খুঁজছিল। এর আগে রাতভর বিলের পানিতে খোঁজাখুঁজি করেছি আমরা। তাকে জীবিত অবস্থায় ফিরে পাব, এমন আশা ছেড়ে দিয়েছিলাম।’

আনোয়ার হোসেন বলেন, ‘ছেলের নাকি মাদ্রাসায় পড়াশোনা ভালো লাগে না, স্কুলে পড়তে চায় সে। মাদ্রাসায় না যেতে চাওয়ায় তাকে মারধর করেছিলাম আমি। এ জন্য ওই মাদ্রাসায় পড়ুয়া আরও দুই শিশুর সঙ্গে মিলে এমন ঘটনা ইচ্ছাকৃতভাবে ঘটিয়েছে সে।’

নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মালেক আনুসারী জানান, বিলের পানিতে এক শিশু ডুবে যাওয়ার খবর পেয়ে বেলা ১১টায় তাঁরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। এর আগে রাতভর স্থানীয় লোকজন চেষ্টা করছিলেন। ওই অবস্থায় টঙ্গী থেকে ডুবুরি দলকে খবর দিলে তারাও রওনা হয়ে যায়। এরই মধ্যে শিশুটিকে ঘটনাস্থলে নিয়ে আসেন এক ব্যক্তি। পরে উদ্ধার অভিযান বন্ধ করা হয়।