ঝিনাইদহে স্থানীয় দ্বন্দ্বের জেরে সাংবাদিককে হাতুড়ি ও রড দিয়ে মারধর
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় স্থানীয় দ্বন্দ্বের জেরে এক সাংবাদিককে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত ৯টার দিকে উপজেলার জোড়াদহ ইউনিয়নের বেলতলা গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আহত ব্যক্তির নাম সবুজ শাহরিয়ার (৩০)। তিনি বেলতলা গ্রামের বাসিন্দা ও দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি।
শাহরিয়ার সবুজের বড় ভাই সেলিম রেজা জানান, গতকাল রাতে বাড়ি ফেরার সময় স্থানীয় বাসিন্দা সুজন, রকি ও সোহেলসহ ১০–১২ জন লোক হাতুড়ি ও রড নিয়ে অতর্কিত সবুজের ওপর হামলা চালান। পরে স্থানীয় কয়েকজনের মাধ্যমে খবর পেয়ে তাঁকে উদ্ধার করা হয়। এরপর প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তাঁর মাথা ও পায়ে গুরুতর জখম আছে।
দৈনিক কালবেলার ঝিনাইদহ ব্যুরো প্রধান মাহমুদ হাসান বলেন, স্থানীয় দ্বন্দ্বের জেরেই সবুজ শাহরিয়ারের ওপর হামলা করা হয়েছে। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান তিনি।
এ ঘটনার নিন্দা জানিয়েছেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। তাঁরা দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসিত কুমার রায় বলেন, ওই ব্যক্তির পরিবারের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কোনো অভিযোগ দেওয়া হয়নি। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।