জাপার প্রার্থীর প্রচারণায় নেই আওয়ামী লীগ

রুহুল আমিন হাওলাদার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী প্রতীক বরাদ্দের দুই দিন পর গতকাল বুধবার এলাকায় ফিরেছেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার। দুপুরে মির্জাগঞ্জে ইয়ার উদ্দিন খলিফা সাহেবের মাজার জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন তিনি। তবে প্রচারণায় জেলা আওয়ামী লীগের নেতাদের দেখা যায়নি।

স্থানীয় লোকজন বলেন, এই আসনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে আর কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচন অনেকটাই নিরুত্তাপ হয়ে পড়েছে।

আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলেন, পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি উপজেলা নিয়ে পটুয়াখালী-১ নির্বাচনী এলাকা। জেলায় আসনটির গুরুত্ব সবচেয়ে বেশি। তাই সব দলই এ আসন ধরে রাখতে চায়। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আফজাল হোসেনকে। তবে জোটের কারণে আসনটি জাপার রুহুল আমিন হাওলাদারকে ছেড়ে দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ১৭ ডিসেম্বর দলীয় প্রার্থী মো. আফজাল হোসেন মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

দলীয় সূত্রে আরও জানা যায়, ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে আসনটি ছেড়ে দিয়েছিল। ২০১৮ সালে নির্বাচনে আওয়ামী লীগ তাঁদের এই আসন ফিরে পেলে নৌকা প্রতীকে নির্বাচিত হন মো. শাহজাহান মিয়া।

জাতীয় পার্টির জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জাকির মাহমুদ জানান, রুহুল আমিন হাওলাদার গতকাল সকালে তাঁর নিজ বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলার বাহের চর এলাকায় তাঁর মা–বাবার কবর জিয়ারত করেন। দুপুরে তিনি পটুয়াখালী শহরে আসেন এবং দলের নেতা-কর্মীদের নিয়ে নির্বাচনী এলাকা মির্জাগঞ্জের ইয়ার উদ্দিন খলিফা সাহেবের মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন।

আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রচারণায় উপস্থিত না থাকার প্রসঙ্গে জাকির মাহমুদ বলেন, গতকাল এলাকায় আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। দু-এক দিনের মধ্যে আওয়ামী লীগসহ জোটের শরিকদের সঙ্গে কথা বলে নির্বাচনী প্রচারণা জোরেশোরে শুরু করা হবে।

এ বিষয়ে রুহুল আমিন হাওলাদার বলেন, ‘পটুয়াখালী-১ আসনে মহাজোট থেকে আমাকে প্রার্থী করা হয়েছে। স্থানীয় আওয়ামী লীগসহ জোটের নেতা-কর্মীদের নিয়ে সম্মিলিতভাবে প্রচারণা শুরু করা হবে।’

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মন্নান বলেন, আসলে তিনি (রুহুল আমিন) মহাজোটের প্রার্থী। নির্বাচনী এলাকায় এসে প্রচারণা শুরু করেছেন। প্রার্থীর এলাকায় আসার বিষয়টি তাঁরা জানেন না। তাঁদের জানানোও হয়নি।

কয়েকজন সাধারণ ভোটারের সঙ্গে কথা বলে জানা যায়, আওয়ামী লীগের দলীয় প্রার্থী মো. আফজাল হোসেনের মনোনয়নপত্র প্রত্যাহার করার পর এই আসনে আর কোনো শক্ত প্রার্থী নেই। ফলে নির্বাচনের হাওয়া কিছুটা নিরুত্তাপ হয়ে পড়েছে। অন্য প্রার্থীরাও তেমন একটা প্রচারণায় নামেননি।