বিএনপির ইশতেহার রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: ইসমাইল জবিউল্লাহ
প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, ‘ভোটের কালির দাগ মোছার আগেই নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা নিজেরাও বুঝতে পারিনি, তিনি এত দ্রুত সময়ের মধ্যে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন শুরু করবেন। তিনি সত্যিই এক অসাধারণ কাজ করেছেন।’
আজ সোমবার দুপুরে নোয়াখালীর সদর উপজেলার পেটকাটা খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়–সংলগ্ন নোয়া টেকনোলজি হাউজিং মাঠে আয়োজিত হয় এ অনুষ্ঠান। অনুষ্ঠানে মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, ‘বড় বড় কথা বলার রাজনীতি থেকে বের হয়ে এসে তারেক রহমান দেখিয়েছেন যে বিএনপি শুধু পরিকল্পনা দেয় না, সেই পরিকল্পনা বাস্তবায়নও করে।’
তিনি আরও বলেন, জনগণের কল্যাণে নিবেদিত ইশতেহারই দেশের মানুষকে বিএনপিকে নিরঙ্কুশভাবে বিজয়ী করতে অনুপ্রাণিত করেছে। বিএনপির নির্বাচনী ইশতেহার এখন শুধু দলের ইশতেহার নয়, এটি বাংলাদেশের একটি রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে।
নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান। এ সময় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুব আলমগীর, সদস্যসচিব হারুনুর রশিদ আজাদ প্রমুখ।