গ্রামের ছোট বিদ্যালয়ের বড় সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্য দেখিয়েছে বগুড়ার শিবগঞ্জের আমতলী মডেল উচ্চ বিদ্যালয়
ছবি: প্রথম আলো

বগুড়া জেলা শহর থেকে ৩০ কিলোমিটার দূরে গ্রামীণ ছোট্ট বাজার। সেই বাজার থেকে খানিকটা দূরে পাকা সড়কের পাশে ২৩ জন শিক্ষার্থী নিয়ে গ্রামীণ জনপদে শিক্ষার আলো ছড়াতে গড়ে ওঠে একটি বিদ্যালয়। ব্যক্তি–উদ্যোগে গড়ে ওঠা সেই বিদ্যালয়ের সাফল্যের কথা দ্রুত ছড়িয়ে পড়েছে বগুড়া জেলাজুড়ে।

আরও পড়ুন

এবার এসএসসি পরীক্ষার ফলাফলে নিজ উপজেলা শিবগঞ্জ তো বটেই, জেলা শহরের অনেক নামীদামি স্কুলকেও টপকে গেছে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবার এই বিদ্যালয় থেকে ৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৫৯ জনই জিপিএ-৫ পেয়েছে। বাকি একজন পেয়েছে ‘এ’ গ্রেড।

এসএসসি পরীক্ষার ফলাফলে চমক দেখানো এই বিদ্যালয়ের নাম আমতলী মডেল স্কুল। অবস্থান শিবগঞ্জ উপজেলা সদর থেকে পাঁচ কিলোমিটার অদূরে আমতলী বাজার-গাড়িদহ সড়কের পাশে।
আমতলী মডেল স্কুলের প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন, ব্যক্তি–উদ্যোগে প্রতিষ্ঠিত এবং বেসরকারিভাবে পরিচালিত এই বিদ্যালয় থেকে ২০১৭ সালে প্রথমবারের মতো ১৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষার ফলাফলে ১৭ জনই জিপিএ-৫ পায়। এর পর থেকে এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারা অব্যাহত আছে এই বিদ্যালয়ের।

আরও পড়ুন

আমতলী মডেল স্কুল সূত্রে জানা যায়, গ্রামীণ জনপদে মানসম্মত শিক্ষার আলো ছড়াতে ২০০৩ সালে ব্যক্তিগত উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন মীর লিয়াকত আলী। গ্রামীণ জনপদে শিক্ষায় মডেল প্রতিষ্ঠান গড়তে ২৩ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা বিদ্যালয়টির নাম দেওয়া হয় আমতলী মডেল স্কুল। মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করায় এখন বিদ্যালয়টি রীতিমতো মডেল স্কুল হিসেবে সুনাম ছড়াচ্ছে। বিদ্যালয়টি শিক্ষার আলো ছড়াচ্ছে গ্রামীণ জনপদে।

খোঁজ নিয়ে জানা যায়, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মীর লিয়াকত আলী সাংবাদিকতার সঙ্গে যুক্ত। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘পিছিয়ে পড়া গ্রামীণ জনপদে মানসম্মত শিক্ষার আলো ছড়াতে এবং গ্রামের শিক্ষার্থীদের শহরের মানের জ্ঞানচর্চা নিশ্চিত করতে ১৯ বছর আগে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করি। শুরুতে ছিল শিশুদের পাঠশালা। এখন মাধ্যমিক স্তর চালু আছে। বিদ্যালয়ের আয়তন প্রায় সাড়ে তিন বিঘা। শিক্ষার্থীসংখ্যা ৭৫০ জন, শিক্ষক ৩৫ জন। মাধ্যমিক পর্যায়ে শুধু বিজ্ঞান বিভাগ চালু আছে।’

শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়ার ব্যবহার, প্রতিটি শ্রেণিতে দৈনিন্দিন ও সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা, শ্রেণিকক্ষে পাঠ বুঝে নেওয়ার ব্যবস্থা, বিতর্ক প্রতিযোগিতা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সৃজনশীল জ্ঞানচর্চার নানা আয়োজন চালু আছে এই শিক্ষাপ্রতিষ্ঠানে। বিদ্যালয়ে অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের জন্য চালু আছে শিক্ষাবৃত্তি। কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাসের মা মঙলী দেবীর নামে প্রতি শিক্ষাবর্ষে ১০০ জন শিক্ষার্থী এই শিক্ষাবৃত্তি পেয়ে আসছে।

এই শিক্ষাবৃত্তি চালুর প্রসঙ্গে মীর লিয়াকত আলী বলেন, ‘নকুল কুমার বিশ্বাসের সঙ্গে ব্যক্তিগত পরিচয় ছিল না। তিনি মা নিয়ে একটি গান গেয়েছিলেন। বগুড়া থেকে বাসে করে ঢাকায় যাওয়ার পথে সেই গান শুনে চোখে পানি আসে। তাঁর সঙ্গে যোগাযোগ করে তাঁর মায়ের নাম জেনে নিই। এরপর তাঁর মায়ের নামে চালু হয় এই শিক্ষাবৃত্তি।’

তবে বিদ্যালয়টি এমপিওভুক্ত করার ইচ্ছা নেই বলে জানালেন প্রতিষ্ঠাতা মীর লিয়াকত আলী। তিনি বলেন, জাতীয়করণ হলে প্রতিষ্ঠানটি সরকারি নিয়ন্ত্রণে চলে যাবে। এখানে প্রতি মাসে একজন শিক্ষার্থীর মাসিক বেতন সর্বোচ্চ ৫০০ টাকা। এ দিয়েই সব খরচ মেটানো হয়।