দুই প্রতিমন্ত্রীকে আচরণবিধি মেনে চলার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ (পলক) এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান

খুলনায় চলছে সিটি করপোরেশন নির্বাচনের কার্যক্রম। এরই মধ্যে আগামী শুক্রবার তিন দিনের খুলনা সফরে আসছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ (পলক) এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। সিটি করপোরেশন এলাকায় থাকাকালে নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য তাঁদের চিঠি দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

আজ বুধবার দুই প্রতিমন্ত্রীর একান্ত সচিবকে ওই চিঠি পাঠানো হয়। চিঠিতে সিটি করপোরেশন এলাকায় থাকাকালে তাঁরা কী কী করতে পারবেন আর কী কী করতে পারবেন না, তার একটি নির্দেশনা দেওয়া হয়। ওই নির্দেশনা যথাযথভাবে পালনের জন্য বলা হয় চিঠিতে।

ওই চিঠিতে বলা হয়, সিটি করপোরেশন নির্বাচনের আচরণবিধি অনুযায়ী নির্বাচনী এলাকায় গুরুত্বপূর্ণ ব্যক্তি কোনো প্রকার প্রচার-প্রচারণা বা সভা-সমাবেশে অংশ নিতে পারবেন না। সরকারি সুবিধাভোগী ব্যক্তি সার্কিট হাউস ব্যবহার করতে পারবেন না।

ওই চিঠির ব্যাপারে জানতে চাইলে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, ওই চিঠির মধ্যে বলা আছে, ওই দুই প্রতিমন্ত্রী নির্বাচনী এলাকায় কী করতে পারবেন আর কী করতে পারবেন না। যদি তাঁরা ওই নিয়ম না মানেন, তাহলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।