কুমিল্লা কারাগারে বন্দী হত্যা মামলার আসামির সন্তান প্রসব

নবজাতক
প্রতীকী ছবি

কুমিল্লার তিতাস উপজেলার সাহাবৃদ্ধি গ্রামের আলোচিত নজরুল ইসলাম হত্যা মামলার আসামি স্মৃতি আক্তার কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে সন্তান জন্ম দিয়েছেন।
আজ বুধবার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন তিতাস থানার উপপরিদর্শক (এসআই) মো. কাউছার। গৃহবধূ স্মৃতি আক্তার ১১ আগস্ট থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দী।

খোঁজ নিয়ে জানা গেছে, গত রোববার রাতে স্মৃতি আক্তারের (২৫) প্রসবব্যথা ওঠে। পরে তাঁকে দ্রুত কারাগার থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন। পরে মা ও নবজাতককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে রাখা হয়। মা ও শিশু দুজনেই সুস্থ আছে।

কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর গ্রামের ট্রাক্টরচালক নজরুল ইসলামকে ৬ আগস্ট রাতে চার টুকরা করে হত্যা করা হয়। হত্যার অভিযোগে অটোরিকশাচালক হোসেন মিয়া ও তাঁর স্ত্রী স্মৃতি আক্তারকে পুলিশ গ্রেপ্তার করে। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী মজিদপুর গ্রামের খাল থেকে বস্তাবন্দী অবস্থায় নজরুল ইসলামের দুটি হাত এবং পরে মজিদপুরের কাকিয়াখালি খাল থেকে দুটি পা উদ্ধার করা হয়। তাঁর শরীরের অবশিষ্ট অংশ এখনো উদ্ধার করা যায়নি।