সুগন্ধা নদীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ‘সাগর নন্দিনী-২’ থেকে ৮০ হাজার লিটার পেট্রল অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠির সুগন্ধা নদীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাগর নন্দিনী-২ জাহাজ
প্রথম আলো ফাইল ছবি

ঝালকাঠির সুগন্ধা নদীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ‘সাগর নন্দিনী-২’ জাহাজ থেকে প্রায় ৮০ হাজার লিটার পেট্রল অপসারণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে জাহাজ থেকে এ তেল অপসরণ করা হয়। সেই সঙ্গে অবশিষ্ট তেল অপসারণসহ ক্ষতিগ্রস্ত জাহাজটি নিরাপদে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে জেলা প্রশাসনের গঠিত ৮ সদস্যের কমিটি কাজ করছে।

আজ শুক্রবার প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন শিবলী। তিনি বলেন, ‘বিস্ফোরণ ও আগুনে পুড়ে যাওয়ার পর সাগর নন্দিনী-২ জাহাজের পেছনের অংশে পানি প্রবেশ করায় জাহাজটি কিছুটা দেবে গেছে। কয়েক দফায় ড্রেজারের মাধ্যমে পানি অপসারণ করে তা ভাসিয়ে রেখে জননিরাপত্তা বিবেচনা করে রাতে প্রায় ৮০ হাজার লিটার পানি ও ফোমমিশ্রিত তেল অপসারণ করা হয়েছে। যেহেতু এগুলো দাহ্য পদার্থ, তাই নিরাপত্তার জন্য রাতেই অপসারণের ব্যবস্থা নেওয়া হয়। তবে এখনো কী পরিমাণ তেল রয়েছে তা বলা যাচ্ছে না। এ প্রক্রিয়া চলমান আছে।’

আরও পড়ুন

মো. মামুন শিবলী আরও বলেন, ‘পদ্মা অয়েল কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী জাহাজটিতে এখনো ৩ লাখ ৮৬ হাজার ২৪৯ লিটার পেট্রল ও ২৮ হাজার ৪৫৬ লিটার ডিজেল থাকার কথা। তবে আগুন নিয়ন্ত্রণে ফোম ব্যবহার এবং বৃষ্টিতে খোলা থাকা তেলের চেম্বারে অবশিষ্ট তেলের সঙ্গে পানিমিশ্রিত অবস্থায় রয়েছে। এ ছাড়া ঘটনার পুরো রাত আগুন জ্বলার পর কতটুকু তেল রয়েছে তা এখনো জানা যায়নি।’

ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে অবশিষ্ট জ্বালানি নিরাপদে সরিয়ে নেওয়ার কার্যক্রম পর্যবেক্ষণ করবে এ কমিটি। জ্বালানি অপসারণের কাজ করবে জাহাজের মালিকপক্ষ। এদিকে এই প্রক্রিয়া চলাকালে যেকোনো পরিস্থিতি সামাল দিতে আরও দুটি জাহাজ ঘটনাস্থলে প্রস্তুত রাখা হয়েছে। জাহাজ দুটি হলো মার্কেন্টাইল-১৩ ও সাগর নন্দিনী-১।

দুই সপ্তাহের বেশি সময় আগে তেলবাহী সাগর নন্দিনী-২ জাহাজটি চট্টগ্রাম থেকে এসে ঝালকাঠির সুগন্ধা নদীর তেলের ডিপো-সংলগ্ন এলাকায় নোঙর করে। জাহাজটিতে প্রায় ১১ লাখ লিটার জ্বালানি তেল (পেট্রল ও ডিজেল) ছিল। এটি রাষ্ট্রীয় মালিকানাধীন পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ডিপোয় তেল খালাস করার অপেক্ষায় ছিল। পবিত্র ঈদুল আজহার ছুটিতে ডিপো বন্ধ থাকায় তেল খালাস করা যায়নি।

গত শনিবার বেলা দুইটার দিকে নন্দিনী ২-এর ইঞ্জিনরুমে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে চারজন মারা যান এবং চারজন দগ্ধ হন। বিস্ফোরণের পর গত রোববার নন্দিনী-২ থেকে ওটি মৃদুলা জাহাজে তেল অপসারণ করা হয়। এরপর গত সোমবার নন্দিনী-২ থেকে সাগর নন্দিনী-৪ জাহাজে তেল অপসারণের কাজ শুরু হয়। এ সময় নন্দিনী ২-তে আবার বিস্ফোরণ ঘটে। আহত হন ৯ পুলিশ সদস্যসহ ১৪ জন।