কয়রায় এলাকায় নেই বিএনপির নেতারা, পুলিশ ধরছে কর্মী-সমর্থকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজনীতি
প্রতীকী ছবি

গত ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশের পর থেকে খুলনার কয়রা উপজেলা বিএনপির নেতাদের কাউকে এলাকায় দেখা যাচ্ছে না। অনেকেই ঢাকার মহাসমাবেশে যোগ দিয়ে আর এলাকায় ফেরেননি। আবার যাঁরা এলাকায় ছিলেন, এ মুহূর্তে তাঁরাও এলাকা ছেড়েছেন।

গত ২৯ অক্টোবর ও ২ নভেম্বর কয়রা থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। এ মামলায় ৯৯ জনের নাম উল্লেখসহ দুই শতাধিক অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গত মঙ্গলবার রাত পর্যন্ত মামলায় ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর বেশির ভাগই কর্মী-সমর্থক।

স্থানীয় বাসিন্দারা বলছেন, ২৮ অক্টোবরের আগে কয়রা উপজেলা সদরের বাজার ও দোকানপাটে বিএনপি ও জামায়াতের নেতাদের প্রকাশ্যে দেখা গেলেও এখন কাউকে দেখা যাচ্ছে না। তবে কর্মী-সমর্থকদের অনেকেই প্রকাশ্যে চলাফেরা করছেন, যাঁদের বেশির ভাগই শ্রমজীবী মানুষ।

২৯ অক্টোবর রাতে উপজেলার মেঘারাইট গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় আবু সালেক সরদার নামের এক ব্যক্তিকে। বিএনপির সমর্থক হিসেবে এলাকায় তাঁর পরিচিতি আছে, তবে দলীয় কোনো পদপদবি নেই তাঁর। তাঁর স্ত্রী জাকিয়া সুলতানা বলেন, তাঁর স্বামী ইটভাটায় শ্রমিকের কাজ করেন। কোনো রাজনৈতিক নেতা নন। তাঁর একার আয়েই চার সদস্যের সংসার চলে। এর মধ্যে দুই ছেলে খুলনা শহরের বিএল কলেজে পড়াশোনা করছে। গ্রেপ্তারের দুই দিন আগে তিনি বাড়িতে এসেছিলেন। কারা ঢাকায় বিএনপির সমাবেশে গিয়েছিলেন, তাঁদের বাড়ি চিনিয়ে দেওয়ার কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

একই দিন গ্রেপ্তার করা হয় মহারাজপুর গ্রামের সেলুন (চুল কাটা) ব্যবসায়ী শাহিনুর ইসলামকে। শাহিনুরের স্ত্রী শারমিন বেগম বলেন, ‘আমার স্বামী আগে ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। শারীরিক অসুস্থতার কারণে এখন আর ইটভাটার কাজে যেতে না পেরে স্থানীয় বাজারে সেলুনের দোকানে মানুষের চুল কাটেন। কোনো রাজনীতির সঙ্গে তিনি ছিলেন না। পুলিশ রাতে ধরে নিয়ে যাওয়ার সময় আমি পুলিশের পা ধরে কেঁদেও স্বামীকে ছাড়াতে পারিনি। সংসারের খরচ চালানো কঠিন হয়ে পড়েছে। আমার বাচ্চা বাবাকে খুঁজলে বলছি, বাবা চিকিৎসার জন্য ডাক্তারের কাছে গেছে।’

কয়রা উপজেলা সদরের পাশের দেউলিয়া বাজারসংলগ্ন নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে ভ্যানচালক সিরাজুল ইসলামকে। তাঁর বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর দেড় বছর বয়সী মেয়ের পাশে শাশুড়ি সালমা বেগম, বোন নাসিমা আক্তার ও বড় মেয়ে ফারজানা খাতুন বসে আছেন। তাঁরা জানালেন, সিরাজুলের স্ত্রী থানায় গেছেন আটকের কাগজপত্র সংগ্রহ করতে।

গ্রেপ্তার সিরাজুলের বোন নাসিমা আক্তার বলেন, তাঁর ভাই সকালে ভ্যান নিয়ে বেরিয়েছিলেন। দুপুরে বাড়ি ফেরেননি। সারা দিন পর সন্ধ্যায় ফিরে বাড়ির সামনের রাস্তায় ভ্যান রেখে ভাত নিয়ে বসেছিলেন। তখন পুলিশ এসে সিরাজুলকে ধরে নিয়ে যায়। সিরাজুলের শাশুড়ি সালমা বেগম বলেন, ‘একদিন ভ্যান না চালালে সংসার চলে না, তাঁর আবার দলদারি! আমার জামাই কোনো দিন কোনো রাজনৈতিক দলের অনুষ্ঠানে যায়নি। গ্রেপ্তারের পর সিরাজুলের শিশুছেলে সংসারের হাল ধরতে ভ্যান নিয়ে বের হয়েছে।’

তবে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, কাউকে অহেতুক হয়রানি করা হচ্ছে না। কেবল মামলায় সম্পৃক্ত ও ঘটনায় জড়িত থাকার বিভিন্ন তথ্য-প্রমাণ থাকার ভিত্তিতে গ্রেপ্তার করা হচ্ছে। তারপরও যাঁরা জড়িত নন, বিষয়টি প্রমাণিত হলে অভিযোগপত্র থেকে তাঁদের নাম বাদ দেওয়া হবে।

এ বিষয়ে কয়রা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রি বলেন, সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হন, সেদিকে খেয়াল রাখতে তৃণমূল নেতাদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। অনেকেই এ সময়ে ব্যক্তিগত স্বার্থ ও প্রতিহিংসা চরিতার্থ করতে পুলিশ বাহিনীকে ভুল তথ্য দিচ্ছে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।

কয়রা উপজেলা বিএনপির সদস্যসচিব মো. নুরুল আমিন মুঠোফোনে বলেন, নির্বাচনের আগে বিএনপিকে মাঠছাড়া করতে নেতা-কর্মীদের নামে ‘অহেতুক’ মামলা দেওয়া হচ্ছে। এ জন্য নেতারা কৌশলী অবস্থানে থেকে গ্রেপ্তার এড়িয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।