শিবপুরে জামায়াতের ৬ নেতা-কর্মী আটক, হাতবোমা উদ্ধারের দাবি পুলিশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর শিবপুরে জেলা গোয়েন্দা শাখার হাতে আটক জামায়াতের ছয় নেতা–কর্মী
ছবি: সংগৃহীত

নরসিংদীর শিবপুরে জামায়াতের ছয় নেতা-কর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার বিকেলে উপজেলার পুটিয়া ইউনিয়নের ত্রিমোহনী এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ১৫টি হাতবোমা উদ্ধারের তথ্য জানিয়েছে জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার।


আটক ৬ জন হলেন—জয়নাল আবেদীন (৬২), মো. আবদুল মান্নান (৬৩), কাজী নূর মোহাম্মদ (৪৪), মো. জসীম উদ্দীন ভূঁইয়া (৫২), মো. ফেরদৌস আহমেদ (৪২) ও মো. নাজির উদ্দিন ভূঁইয়া (৪৮)।

ওসি খোকন চন্দ্র সরকার বলেন, দেশকে অস্থিতিশীল করতে তারা নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন। গতকাল বিকেলে তারা ত্রিমোহনী এলাকায় জড়ো হলে তল্লাশি চালিয়ে ১৫টি হাতবোমাসহ ৬ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জামায়াতের নেতা–কর্মীরা বলছেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পুটিয়ার ত্রিমোহনী এলাকায় তাঁদের একদল নেতা–কর্মী মিছিল বের করার চেষ্টা করলে ছয়জনকে আটক করে ডিবি। এর আগে গত শুক্রবার রাতে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলী এলাকা থেকে তাঁদের চার কর্মীকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

জানতে চাইলে জামায়াতে ইসলামীর জেলা আমির মুসলেহ উদ্দিন বলেন, শান্তিপূর্ণ মিছিল থেকে ছয়জনকে আটকের পর তাঁদের বিরুদ্ধে বোমা উদ্ধারের মিথ্যা অভিযোগ করছে পুলিশ।