সিলেটে লোকবলের অভাব
মশকনিধন কার্যক্রম ব্যাহত
জুন মাসে সিলেটে ভয়াবহ বন্যার পর নগরের ছড়া এবং নালা-নর্দমাগুলো ময়লা-আবর্জনায় ভরাট হয়ে আছে।
সিলেট সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের সঙ্গে গত বছরের ফেব্রুয়ারি মাসে নতুনভাবে যুক্ত হয়েছে আরও ১৫টি ওয়ার্ড। ৪২টি ওয়ার্ডে ২৪০ জন স্প্রে-ম্যান ও সুপারভাইজার প্রয়োজন। এর বিপরীতে কর্মরত আছেন মাত্র দুজন। লোকবলসংকটে এসব ওষুধ ছিটানো যাচ্ছে না। এদিকে মশার উপদ্রবে অস্থির নগরের লোকজন।
নগরের বাসিন্দারা বলেন, মুষ্টিমেয় কয়েকটি ওয়ার্ডে বিচ্ছিন্নভাবে মশকনিধনের অভিযান চালানো হয়। এতে এক ওয়ার্ডে ওষুধ ছিটালে মশা পালিয়ে অন্য ওয়ার্ডে গিয়ে বংশবিস্তার করছে। ফলে মশার উপদ্রবও কমছে না। সিটি করপোরেশন জানিয়েছে, দুই সপ্তাহ আগে নগরের ১, ২, ৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে ওষুধ ছিটানোর প্রক্রিয়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ওয়ার্ডেও তা করা হবে।
নগরের পায়রা এলাকা সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের অধীনে। মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকার বাসিন্দারা। সেখানকার একটা সেলুনে চুল কাটতে গিয়ে মশার যন্ত্রণায় বারবার হাত-পা নাড়াচ্ছিলেন নাজির আহমদ। তিনি বলেন, দিন-রাত সমানতালে মশার উপদ্রব। মশায় কামড়ানোয় বাধ্য হয়েই শরীর নড়াতে হচ্ছে। এলাকার নর্দমাগুলো পরিষ্কার করলে হয়তো মশা থেকে নিস্তার পাওয়া যেত। এ ছাড়া মশার ওষুধও নিয়মিত ছিটানো হয় না।
গত দুই সপ্তাহে নগরের ৪২টি ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, নগরে নেই পর্যাপ্ত ময়লা-আবর্জনা ফেলার নির্ধারিত স্থান। এর ফলে নালা-নর্দমা ও ছড়ায় (প্রাকৃতিক খাল) অনেকে বর্জ্য ফেলছেন। এতে দূষিত হচ্ছে পরিবেশ। নালা-নর্দমা পরিষ্কার করতে কার্যকর কোনো পদক্ষেপ নেই। ফলে ওই সব স্থানে জন্ম নিচ্ছে মশা। মশকনিধনে পর্যাপ্ত ওষুধও দেওয়া হয় না।
স্থানীয় লোকজন বলেন, গত জুন মাসে সিলেটে ভয়াবহ বন্যার পর নগরের ছড়া এবং নালা-নর্দমাগুলো ময়লা-আবর্জনায় ভরাট হয়ে আছে। কিছু পরিষ্কার করা হলেও অধিকাংশই হয়নি। এ ছাড়া জমে থাকা পানিতে মশা নির্বিঘ্নে বংশবিস্তার করছে। অথচ ওষুধ ছিটানো হচ্ছে না। ফলে আগের বছরগুলোর তুলনায় মশার উপদ্রব বেড়েছে।
হাওলদারপাড়া এলাকার গৃহিণী মাহমুদা আক্তার (৫১) বলেন, সন্ধ্যার পর মশার উপদ্রব বাড়ে। আবার অনেকে দিনের বেলাতেও ঘরে মশারি টানিয়ে রাখছেন। বাচ্চারা ঠিকমতো পড়াশোনা করতে পারে না। নিয়মিত ওষুধ ছিটালে আর পাড়া-মহল্লার নালা-নর্দমাগুলো নিয়মিত পরিষ্কার করা হলে সমস্যার সমাধান অনেকটাই হতো।
সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা শাখার প্রধান হানিফুর রহমান দাবি করেছেন, নগর দিয়ে প্রবাহিত ছড়াগুলো পরিচ্ছন্নকরণের কাজ প্রায় শেষ পর্যায়ে। এ ছাড়া নিয়মিত নালা-নর্দমাও পরিষ্কার করা হয়। সর্বশেষ পাঁচ থেকে ছয় মাস আগে একযোগে নর্দমা পরিষ্কার করা হয়েছিল। পুনরায় তা করা হবে। তবে নতুনভাবে অন্তর্ভুক্ত ১৫টি ওয়ার্ডে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ না হওয়ায় সেখানে পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে না। পুরোনো ২৭টি ওয়ার্ডে ৫৫০ জন পরিচ্ছন্নতাকর্মী দৈনিক অস্থায়ীভাবে কাজ করছেন।
সিটি করপোরেশন জানিয়েছে, সম্প্রতি মশা মারার ওষুধ কেনার দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে প্রায় দেড় কোটি থেকে পৌনে ২ কোটি টাকার ওষুধ কেনা হবে।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, মশার ওষুধ কেনার বাজেটের কোনো সংকট নেই। মূলত লোকবলসংকটের কারণেই ওষুধ ছিটানো কঠিন হয়ে পড়ে। দুই দফা বন্যা ও টানা বৃষ্টিপাতের কারণে গত বছরের ওষুধ খুব বেশি ব্যবহৃত হয়নি। তাই প্রয়োজন না থাকায় নতুন করে চলতি বছর ওষুধ কেনা হয়নি। এখন মজুত শেষ হয়ে আসায় দরপত্র আহ্বান করা হয়েছে। দ্রুত নতুন ওষুধ কেনা হবে।