শিশু ধর্ষণের বিচার দাবি, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

বরগুনার পাথরঘাটা উপজেলায় আট বছরের মেয়েশিশু (৮) ধর্ষণে অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলার লেমুয়া-কাকচিড়া সড়কে শিশুটির সহপাঠী, স্বজন ও স্থানীয় লোকজন মানববন্ধন করেন। এদিকে শিশুটিকে ধর্ষণের মামলায় অভিযুক্ত মোস্তফা খানকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার এজাহার ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে মোস্তফা খানের নির্মাণাধীন ভবনে অপর এক শিশুর সঙ্গে খেলছিল মেয়েটি। ওই শিশুটি চলে গেলে আট বছরের মেয়েশিশুকে একা পেয়ে তাকে ধর্ষণ করেন মোস্তফা খান। পরে মেয়েটি বাড়িতে ফিরে তার মাকে বিষয়টি জানায়। শিশুটিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা গুরুতর দেখে চিকিৎসক শিশুটিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মঙ্গলবার রাতে পাথরঘাটা থানায় মামলা করেন।

এদিকে ঘটনার প্রতিবাদে এবং মোস্তফা খানের বিচার দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বুধবার বিকেলে পাথরঘাটা থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় মজুমদার প্রথম আলোকে বলেন, ধর্ষণ মামলার আসামি মোস্তফা খানকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে বরগুনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।