কুমিল্লায় বাসচাপায় মা-ছেলে নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ বাসস্ট্যান্ডে এক সড়ক দুর্ঘটনায় মা-ছেলে মারা গেছেন। আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকাগামী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা–পুলিশ জানায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা ‘পাপিয়া পরিবহনের’ একটি লোকাল বাস থেকে ইলিয়টগঞ্জ পূর্ব বাসস্ট্যান্ডে মা-ছেলে নামেন। এ সময় মহাসড়ক পারাপারের সময় নোয়াখালী থেকে ঢাকাগামী ‘নীলাচল’ পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস এসে মা-ছেলেকে চাপা দেয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কের পাশে দাঁড়ানো একটি মিনিকাভার্ড ভ্যানে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটির পেছনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় লোকজন তাঁদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নয়ন দে তাঁদের মৃত ঘোষণা করেন।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন প্রথম আলোকে বলেন, বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও চালকের সহকারী পলাতক। মা-ছেলের লাশ ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।