গাজীপুরে পুলিশের নির্যাতনে যে ব্যবসায়ী মারা গেছেন বলে অভিযোগ ওঠেছে, সেই রবিউল ইসলামের (৪৫) দাফন সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলায় রবিউলের নিজ গ্রাম শাহজাদপুরে লাশ দাফন করা হয়। এর আগে গতকাল বুধবার রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে রবিউলের স্বজনেরা লাশ গ্রহণ করেন।
রবিউল ইসলাম সুতার ব্যবসায়ী ছিলেন। তিনি গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস পেয়ারাবাগান এলাকার বাসিন্দা।
নিহত রবিউলের শ্যালক রাকিবুল ইসলাম ঢাকার শ্যামলী এলাকায় একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। আজ সকালে তিনি প্রথম আলোকে বলেন, রবিউলের মৃত্যুর সংবাদ পেয়ে গতকাল তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। ময়নাতদন্ত শেষে গতকাল রাত ১১টার দিকে তাঁরা লাশ গ্রহণ করেন। এরপর একটি অ্যাম্বুলেন্সে রবিউলের লাশ রংপুরে গ্রামের বাড়িতে পাঠানো হয়। স্বজনেরা আরেকটি মাইক্রোবাসে করে গ্রামে যান। হাসপাতাল থেকে পুলিশি পাহারায় লাশ অ্যাম্বুলেন্সে তোলা হয়। তবে পুলিশ গ্রামের বাড়ি পর্যন্ত যায়নি।
রাকিবুলের কথার মধ্যে ছিল আক্ষেপের সুর। তিনি প্রথম আলোকে বলেন, ‘রবিউলের পরিবার থেকে কেউ অভিযোগ দিতে চাচ্ছে না। কেউ আর কোনো ভেজালে যেতে চাচ্ছি না। এখন আসলে ওরা (রবিউলের পরিবার) পুরোপুরি ভেঙে পড়েছে। দেখেন, এখন তো আর তাঁকে (রবিউল) ফিরে পাওয়া যাবে না। এখন এইটা নিয়ে দৌড়াদৌড়ি করলে হয়তো আপনাদেরও দৌড়াতে হবে, ফ্যামিলিকেও দৌড়াতে হবে। যে অভিযোগ করবেন তাঁকেও দৌড়াতে হবে। এইটা আলটিমেটলি আমাদের ফ্যামিলির লস।’
নাম প্রকাশ না করার শর্তে রবিউলের আরেক স্বজন বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুরো সময় পুলিশ তাঁদের নজরে রেখেছিল। রাতে পুলিশ সদস্যরা লাশসহ তাঁদের গাড়িতে উঠিয়ে দেওয়ার পর কিছুটা পথ (গাবতলী পর্যন্ত) এগিয়ে দিয়েছেন। এরপর আর পুলিশ তাঁদের সঙ্গে ছিল না।
গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ) আবু তোরাব মো. শামসুর রহমান প্রথম আলোকে বলেন, লাশটি ঢাকার শাহবাগ থানার অধীনে ময়নাতদন্ত হয়েছে। ওই থানার পুলিশ কীভাবে লাশ গ্রামের বাড়িতে পাঠিয়েছে, সেটি তাঁর জানা নেই। তবে গাজীপুরের কোনো পুলিশ সেখানে ছিল না। এদিকে রবিউলের পরিবার সড়ক দুর্ঘটনার অভিযোগে একটি মামলা করেছে। এ ছাড়া পুলিশ বক্স ভাঙচুর ও মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা প্রক্রিয়াধীন।
প্রসঙ্গত, অনলাইন জুয়া খেলা ও মাদক ব্যবসার অভিযোগে সুতা ব্যবসায়ী রবিউল ইসলামকে বাসা থেকে তুলে নিয়ে যায় পুলিশ। গত শনিবার রাতে তাঁকে তুলে নেওয়ার পর মঙ্গলবার মধ্যরাতে পুলিশের পক্ষ থেকে তাঁর স্ত্রী নূপুর বেগমকে জানানো হয়, রবিউল ইসলাম সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তবে রবিউল পরিবার কিংবা এলাকাবাসী পুলিশের এ ভাষ্য মেনে নেয়নি। পুলিশের নির্যাতনে ওই ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগে গতকাল বুধবার সকালে নিহত ব্যবসায়ীর স্বজন ও এলাকাবাসী দুই মহাসড়ক অবরোধ করেন। এ সময় এলাকাবাসী দুটি পুলিশ বক্স ভাঙচুর ও পুলিশের ব্যবহৃত তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেন।
সূত্র জানায়, গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানা-পুলিশের দুই সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুব হোসেন ও নূরুল ইসলাম তুলে নিয়েছিলেন রবিউল ইসলামকে। এ ঘটনার পর তাঁদের দুজনকে প্রত্যাহার করে জিজ্ঞাসাবাদ এবং তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে গাজীপুর মহানগর পুলিশ।