প্রকাশ্যে শিয়াল হত্যার পর চলছিল মাংস বিক্রি, প্রমাণ হিসেবে পাশে যা রাখা ছিল
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় প্রকাশ্যে শিয়াল হত্যার পর মাংস বিক্রি করছিলেন মো. ইব্রাহিম (৪৫) নামের এক ব্যক্তি। শিয়ালের মাংস প্রমাণের জন্য পাশে প্রাণীটির কাটা মাথাও রেখেছিলেন তিনি। বিষয়টি দেখে স্থানীয় লোকজন প্রতিবাদ করেন। একপর্যায়ে তাঁকে ধাওয়া দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে গত রোববার উপজেলার চর মার্টিনের মুন্সিগঞ্জ বাজারে। তবে গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও দেখে রাতেই তাঁকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে কমলনগর থানা-পুলিশ।
এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ বাজারের কাছে একটি জালে একটি শিয়াল আটকা পড়ে। পরে ইব্রাহিম শিয়ালটি জবাই করে এর মাংস বিক্রির চেষ্টা করেন। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তাঁরা তাঁকে ধাওয়া করেন। পরে খবর পেয়ে কমলনগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম বলেন, বন্য প্রাণী হত্যার পর মাংস বিক্রির চেষ্টা করার অভিযোগে ইব্রাহিমকে আটক করা হয়। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত পাঁচ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ পরিশোধের সক্ষমতা তাঁর ছিল না। পরে মুন্সিগঞ্জ বাজার কমিটির লোকজন নিজেদের মধ্যে টাকা তুলে জরিমানার অর্থ পরিশোধ করেন।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান বলেন, বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী লাইসেন্স বা পারমিট ছাড়া কোনো বন্য প্রাণী, এর মাংস বা দেহাংশ দখলে রাখা, কেনাবেচা কিংবা বাণিজ্যিকভাবে ব্যবহার করা নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।