চারঘাটে জমিজমার দ্বন্দ্বের জেরে সংঘর্ষে চাচাতো দুই ভাই নিহত

মারামারি
প্রতীকী ছবি

রাজশাহীর চারঘাট উপজেলায় জমিজমা-সংক্রান্ত দ্বন্দ্বের জেরে সংঘর্ষে চাচাতো দুই ভাই নিহত হয়েছেন। আজ শনিবার বিকেলে উপজেলার ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বিলে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের বাঁকড়া গ্রামের দেদার আলীর ছেলে আজিজ আলী (৫০) ও জেকের আলীর ছেলে আকরাম আলী (৫৫)। সম্পর্কে তাঁরা আপন চাচাতো ভাই। এ ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে দুটি মামলা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজিজ ও আকরাম দুই ভাইয়ের মধ্যে পৈতৃক সূত্রে পাওয়া এক একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। ওই এক একর জমি নিজের দখলে রেখে গমের বীজ লাগিয়েছিলেন আকরাম। আজ বেলা সাড়ে তিনটার দিকে আকরাম ওই জমিতে সার দিতে গেলে আজিজ লোকজন নিয়ে বাধা দেন। তখন আকরামও তাঁর লোকজনকে খবর দিলে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় দুই পক্ষের হাঁসুয়ার আঘাতে আজিজ ও আকরাম গুরুতর আহত হন। স্বজনেরা তাঁদের উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দুই পক্ষের আরও অন্তত ছয়জন আহত হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা তমালিকা সরকার বলেন, আজিজ ও আকরাম নামের দুজনের শরীরে একাধিক ক্ষত হয়েছে। হাসপাতালে আনার আগেই তাঁদের মৃত্যু হয়।

রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, তাঁরা জানতে পেরেছেন, জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তাঁদের লাশ চারঘাট থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানোর জন্য প্রস্তুত করা হচ্ছে। এ ঘটনায় দুই পক্ষ থেকে দুটি মামলা প্রক্রিয়াধীন।