রোজায় নিত্যপণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সালমান এফ রহমান

রাজশাহীতে আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশের ইজতেমা পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সালমান এফ রহমান। আজ শুক্রবার দুপুরে নগরের নওদাপাড়া এলাকায়ছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন পবিত্র রমজানে কোনো অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। আজ শুক্রবার দুপুরে রাজশাহীতে একটি অনুষ্ঠানে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, ‘অসাধু ব্যবসায়ীরা যে কাজটা করে, তার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার সংসদে খাদ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। কয়েক দিনের মধ্যে উনি সারা দেশের ডিসি-এসপিদের ঢাকায় ডাকছেন। তাঁদের উনি নির্দেশ দেবেন, কীভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

রমজান সুন্দরভাবেই শেষ হবে আশা প্রকাশ করে সালমান এফ রহমান বলেন, ‘রমজানের আগে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি পাওয়ার প্রশ্নগুলো হয়। আবার রমজান খুব সুন্দরভাবেই শেষ হয়। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, এই রমজানও আল্লাহর রহমতে আমরা ভালোভাবেই কাটাব। কোনো সমস্যা হবে না। দোকানদারেরা যদি পণ্য মজুতও করে তাহলে সেটা যদি সে রমজানে না ছাড়ে, তাহলে তার লোকসান হবে। ওই সময় যদি সে মালটা না ছাড়ে, তাহলে রমজানের পর সেটা নষ্ট হয়ে যাবে। তাই তাকে বিক্রি করতেই হবে। তখন আর বেশি দাম নেওয়া যাবে না। তাই কোনো সমস্যা হবে না।’

ডলার–সংকট নিয়ে সালমান এফ রহমান বলেন, ‘ডলারের এখন কিন্তু ওই ধরনের সংকট নেই। কিছুদিন আগে ডলার পাওয়াই যাচ্ছিল না। এখন কিন্তু ডলার আছে। ডলারের কোনো সংকট নেই। রেটটা বেশি আছে, সেটা নিয়ে আমার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কথা হয়েছে। তিনিও কিছু পদক্ষেপ নিয়েছেন। আশা করি, দ্রুত সময়ের মধ্যে ডলারের রেট একটা জায়গায় দাঁড়াবে।’

আজ রাজশাহীর বায়া এলাকায় আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ আয়োজিত ইজতেমা পরিদর্শনে আসেন সালমান এফ রহমান। ইজতেমা ময়দানে যাওয়ার আগে আমচত্বর এলাকায় আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশের আমির অধ্যাপক মুহম্মাদ আসাদুল্লাহ আল গালিবের কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সালমান এফ রহমান।