শিক্ষার্থীর মুঠোফোন আটকে রেখে দুদিন পর ফেরত দিল প্রক্টরিয়াল টিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত থাকার সন্দেহে এক শিক্ষার্থীর মুঠোফোন দুই দিন আটক রেখে আজ বুধবার ফেরত দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। ওই শিক্ষার্থীর নাম আরিফ সোহেল। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শেষ বর্ষে অধ্যয়নরত।

এদিকে ‘স্ব-চিন্তন’ প্ল্যাটফর্মের কাজে বাধা দেওয়া এবং মুঠোফোন দুই দিন আটকে রাখার ঘটনায় প্রতিবাদ জানিয়ে আজ রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন করেছেন ওই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে তাঁরা জানান, তাঁদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছিল, তা পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন। মুঠোফোন কেড়ে নেওয়ার বিষয়ে তাঁরা নিন্দা জানান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন প্রাঙ্গণে ‘স্ব-চিন্তন’ নামের একটি অরাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত কয়েকজন শিক্ষার্থী তাঁদের পাঠ প্রস্তাবনা নিয়ে আলোচনা করছিলেন। এ সময় প্রক্টরিয়াল টিম সেখানে উপস্থিত হয়ে তাঁদের কার্যক্রমে বাধা দেন। পরে ওই শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বে থাকা শিক্ষার্থী আরিফ সোহেলের মুঠোফোন কেড়ে নেন প্রক্টরিয়াল টিমের সদস্যরা এবং তাঁর উপস্থিতিতে ফোন ঘাঁটাঘাঁটি করেন। তাঁর ফোনে পাওয়া কিছু বিষয়ে সন্দেহ হওয়ায় তাঁর ফোন নিয়ে যান প্রক্টরিয়াল টিম। পরে আজ দুপুরে ওই শিক্ষার্থীকে ডেকে নেন প্রক্টরিয়াল টিম। তাঁর মুঠোফোনে পাওয়া সন্দেহজনক বিষয়গুলো নিয়ে প্রক্টরিয়াল টিম আলোচনা করে। সন্তোষজনক উত্তর পাওয়ায় মুঠোফোন ফেরত দেওয়া হয়।

নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার যথেষ্ট প্রমাণ না পাওয়ায় ওই ছাত্রের কাছে মুঠোফোন ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে ওই শিক্ষার্থীকে নজরদারিতে রাখা হবে।
আ স ম ফিরোজ-উল-হাসান, প্রক্টর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

ভুক্তভোগী আরিফ সোহেল প্রথম আলোকে বলেন, তিনি গণতন্ত্র মঞ্চ, রাষ্ট্রসংস্কার আন্দোলনসহ আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন মানবাধিকার সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন। তবে কোনো নিষিদ্ধ সংগঠনের সঙ্গে তাঁর যোগাযোগ নেই।

সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে আরিফ বলেন, ‘গত সোমবার সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন প্রাঙ্গণে স্ব-চিন্তন নামের একটি অরাজনৈতিক প্ল্যাটফর্মের উদ্যোগে পাঠ প্রস্তাবনা শুরু করি। যার লক্ষ্য বিভিন্ন সামাজিক সমস্যার বুদ্ধিবৃত্তিক আলোচনা করা। প্রক্টরিয়াল টিম একপর্যায়ে আমাদের কার্যক্রমে বাধা দেয় এবং আমাদের রাজনৈতিক মতামত জিজ্ঞাসা করে এবং আমার মোবাইল ফোন কেড়ে নেয়।’

‘স্ব-চিন্তন’-এর কাজ কী জানতে চাইলে আরিফ বলেন, ‘শিক্ষার্থীদের একাডেমিক-সামাজিক জীবন, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি আমরা সাধারণত স্টাডি সার্কেলে (পাঠচক্র) নৃবিজ্ঞান, দর্শন নিয়ে আলোচনা করি।’

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ে প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ক্যাম্পাসে ওই ছাত্রের কর্মকাণ্ড সন্দেহজনক হওয়ায় তাঁরা ভেবেছিলেন, ওই ছাত্র কোনো নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত থাকতে পারেন। সন্দেহজনক হওয়ায় প্রক্টরিয়াল টিম তাঁর মোবাইল ফোন জব্দ করেছিল। তবে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে তাঁর সম্পৃক্ততার যথেষ্ট প্রমাণ না পাওয়ায় ওই ছাত্রের কাছে মুঠোফোন ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে ওই শিক্ষার্থীকে তাঁরা নজরদারিতে রাখবেন বলে প্রক্টর জানান।

মুঠোফোন ঘাঁটাঘাঁটি ও আটকে রাখার বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে এ ধরনের কার্যক্রম পরিচালনার অধিকার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের রয়েছে।