দুই হাতে হাঁসুয়া নিয়ে দুলাভাইকে কোপাতে হাসপাতালে শ্যালক
দুই হাতে দুটি হাঁসুয়া নিয়ে হাসপাতালে ঢুকে চিকিৎসাধীন দুলাভাইকে কোপানোর চেষ্টা করেছেন এক যুবক। তবে এর আগেই রোগীর স্বজনেরা তাঁকে ধরে ফেলেন। পরে পুলিশ তাঁকে আটক করে।
গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে জয়পুরহাট জেনারেল হাসপাতালের পুরুষ ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার শাকিল আহাম্মেদ (২৮) কালাই উপজেলার ছত্রগ্রামের বাসিন্দা। তাঁর দুলাভাই মিনহাজুল ইসলাম ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে মিনহাজুল ও তাঁর স্ত্রী সুরাইয়া বেগমের মধ্যে ঝগড়া ও হাতাহাতি হয়। এরপর শনিবার বিষপান করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন মিনহাজুল।
শাকিলের অভিযোগ, তাঁর বোনকে প্রায়ই মারধর করতেন মিনহাজুল। শনিবারও তাঁকে মারধর করা হয়েছে। এ খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে দুলাভাইকে কোপাতে দুটি হাঁসুয়া নিয়ে হাসপাতালে যান তিনি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হাঁসুয়া হাতে শাকিলকে হাসপাতালের ভেতরে ঢুকতে দেখে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি পুরুষ ওয়ার্ডে ঢুকে মিনহাজুলের দিকে এগিয়ে গেলে রোগীর স্বজনেরা তাঁকে ধরে ফেলেন। পরে তাঁর কাছ থেকে হাঁসুয়া দুটি নিয়ে পুলিশে খবর দেওয়া হয়।
জয়পুরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন সন্ধ্যা ছয়টার দিকে পুলিশ সদস্যদের নিয়ে হাসপাতালে গিয়ে শাকিলকে আটক করেন।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, সোমবার সকালে সদর থানার এসআই শাহজাহান আলী বাদী হয়ে আটক শাকিলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছেন। মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।