সখীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী দুই কিশোর সহপাঠী নিহত
টাঙ্গাইলের সখীপুরে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোর সহপাঠী নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে তাদের আরও এক বন্ধু। গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার তক্তারচালা এলাকায় সখীপুর-গোড়াই সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোজাম্মেল হোসেন (১৫) উপজেলার হাতীবান্ধা উত্তরপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে এবং ইয়ানুর রহমান (১৫) হাতীবান্ধা ইউনিয়নের বালিয়াটা গ্রামের বেলায়েত হোসেনের ছেলে, তার মা হাতীবান্ধা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য শিউলী বেগম। নিহত দুজন উপজেলার রতনপুর খোশবাহার উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। আহত মাহির হাসানকে (১৬) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বিকেলে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। সন্ধ্যায় সখীপুর-গোড়াই সড়কের তক্তারচালা বাজার এলাকায় যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোজাম্মেল নিহত হয়। এ সময় গুরুতর আহত হয় ইয়ানুর ও মাহির।
স্থানীয় লোকজন আহত ইয়ানুর ও মাহিরকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকার উত্তরা এলাকায় নেওয়ার পর ইয়ানুরের মৃত্যু হয়। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন হাতীবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাজাহান খান।
আজ রোববার সকাল সাড়ে আটটায় বালিয়াটা গ্রামে গিয়ে দেখা যায়, নিহত ইয়ানুরের মা ইউপি সদস্য শিউলি বেগম বাড়ির উঠানের একপাশে বিলাপ করছেন। স্বজনেরা তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। বাড়ির উঠানে লাশ ঘিরে গ্রামের লোকজনের ভিড়।
শিউলি বেগম বিলাপ করতে করতে বলছিলেন, ‘কয়েক মাস আগে আমার ছেলে মোটরসাইকেল কেনার জন্য বায়না ধরে। তুমি কেন বাবা মারা গেলা?’
আজ সকাল ১০টার দিকে মোজাম্মেল ও ইয়ানুরকে নিজ নিজ গ্রামে জানাজা শেষে দাফন করা হয়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘাতক পিকআপটি শনাক্ত করার চেষ্টা চলছে।